শুধু কাজই নয়, পুরোনো বন্ধু আর প্রেমের সন্ধানও মেলে লিঙ্কডইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেভিউতে লিঙ্কডইনের সদর দপ্তর‍ l ছবি: উইকিপিডিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেভিউতে লিঙ্কডইনের সদর দপ্তর‍ l ছবি: উইকিপিডিয়া

ক্রিস্টিন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার বাসিন্দা। একদিন তাঁকে এক বন্ধু চাকরিবাকরি, ব্যবসায় ও পেশাগত যোগাযোগবিষয়ক সামাজিক নেটওয়ার্কের মাধ্যম লিঙ্কডইন ব্যবহারের পরামর্শ দিলেন। সেই সঙ্গে জানালেন, এটি তাঁর ‘জীবনকে বদলে দেবে’। এমনকি ভাগ্য পরিবর্তনে তা একটি নতুন চাকরির চেয়েও ভালো হবে।
বন্ধুর পরামর্শ অনুযায়ী ক্রিস্টিন যথারীতি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুললেন (ব্যক্তিগত তথ্যাবলি তুলে ধরা)। অচিরেই একদিন তাঁর প্রোফাইল দেখলেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগো শহরের বাসিন্দা অ্যাডাম। সেই সুবাদে দুজনের মধ্যে পরিচয় ও কথাবার্তা হয়। এরপর ভাবের আদান-প্রদান শুরু হলো। একপর্যায়ে ক্রিস্টিন তাঁর চাকরি খোঁজার কথা জানালেন অ্যাডামকে। সে অনুযায়ী অ্যাডামও তাঁর রাজ্যের বিভিন্ন কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সান ডিয়েগো বিজনেস জার্নাল-এর একটি কপি পাঠালেন।
ই-মেইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকল। পেশাগত আলাপ-আলোচনা ধীরে ধীরে একান্ত ব্যক্তিগত জীবন ও পারিবারিক বিষয়াবলির দিকেও গড়াল। বাড়ল ঘনিষ্ঠতা, তৈরি হলো নিবিড় এক সম্পর্ক। এসব নিয়ে ক্রিস্টিন যেন হয়ে উঠলেন এক উড়ন্ত ‘প্রজাপতি’, আর অ্যাডামের পা কি আর মাটিতে পড়ে! অ্যাডাম জানিয়ে দিলেন, ‘তোমার লাল চুল আমার ভালো লাগে।’ অন্যদিকে ক্রিস্টিনের অভিব্যক্তি হলো, ‘আমরা পরস্পরের সঙ্গে অনেক কিছুতেই সাদৃশ্য খুঁজে পাই। একজনের কথায় অন্যজন খুব হাসাহাসি করি। বাকি থাকল শুধু সরাসরি দেখা করা।’
এরই মধ্যে ক্রিস্টিন একটি চাকরি পেয়ে চলে গেলেন অ্যাডামের রাজ্য ক্যালিফোর্নিয়ায়। ব্যস, ইন্টারনেটে লিঙ্কডইনের যোগাযোগ রূপ নিল সরাসরি দেখা-সাক্ষাতে। পরিচয়ের মাস সাতেকের মাথায় বিয়ের প্রস্তাব দিলেন অ্যাডাম। তত দিনে ক্রিস্টিনও এক পায়ে খাড়া, জানিয়ে দিলেন, ‘আমি রাজি’।
লিঙ্কডইনের মাধ্যমে হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে খুঁজে পেলেন ম্যাসাচুসেটস রাজ্যের জো। তাঁদের বন্ধুত্বের পুনরুজ্জীবনও পরিণতি পেল রোমাঞ্চে। জো যখন সামাজিক নেটওয়ার্কের এই মাধ্যমটিতে ব্রাউজ করে পুরোনো সতীর্থ-সহপাঠী, সহকর্মী ও সহমর্মীদের খুঁজছিলেন তখনই ফিরে পেলেন সেই কবে থেকে দেখা না হওয়া শেরিকে; যাঁর সঙ্গে তিনি ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ডেটিং করেছিলেন। এ সম্পর্কে জো বলেন, ‘ওই সময়ে আমার জীবনে শেরি ছিল স্পেশাল বা বিশেষ একজন। সে কতটা স্পেশাল ছিল সেটা আমি কখনোই ভুলতে পারব না।’ তিনি প্রায় ৩৫ বছর ধরেই লটারি জেতার প্রবল আকাঙ্ক্ষার মতো শেরির ফোন নম্বর খুঁজছিলেন। জো বলেন, ‘সে সব সময়ই কোনো না কোনো উপায়ে আমার চিন্তাভাবনার মধ্যেই ছিল। সে ৩৫ বছর আগে যেমন সুন্দরী ছিল, এখনো তেমনই আছে।’
শেরিকে যেভাবে জো খুঁজে পেলেন সেটিও মজার। সাম্প্রতিক সময়ে শেরি বেকার ছিলেন। তাই চাকরিবাকরি খুঁজতেই তিনি লিঙ্কডইন ওয়েবসাইট ব্যবহার করতেন। আর এই ওয়েবসাইটে পুরোনো সতীর্থ-সহপাঠী, সহকর্মী ও সহমর্মীদের খোঁজার সুযোগ থাকায় ফিরে পেয়েছেন পুরোনো প্রেমিককে। ঘটনাটি এ রকম, একদিন শেরি দেখলেন যে তাঁর প্রোফাইল যাঁরা ভিজিট করেছেন তাঁদের মধ্যে জোও আছেন। দুদিন পরে তিনি ফোন নম্বরসহ জোকে একটি মেসেজ বা বার্তা পাঠালেন। কালবিলম্ব না করে জো ফোন করলেন। গত বছর তাঁরা বিয়ে করেন।
এ বছর লিঙ্কডইন নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করেছে, লিঙ্কডআপ। এটির মাধ্যমে ভালোবাসার মানুষ খোঁজা যায়। যেমন, একজনের প্রোফাইল ভিজিট করে আরেকজন ‘লাইক’ দিলে (পছন্দ করা) সেই সূত্র ধরেও ব্যক্তিগত সম্পর্কের প্রতি পারস্পরিক আগ্রহ তৈরি হতে পারে।
২০০৩ সালে যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই ওয়েবসাইট লিঙ্কডইনের। বর্তমানে দুই শতাধিক দেশের মানুষ এটি ব্যবহার করেন। বিশ্বব্যাপী প্রতি মাসে এই ওয়েবসাইট ব্রাউজ করেন ২৪ কোটি ৪০ লাখ মানুষ। এটি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি, যার বার্ষিক আয় ১৫২ কোটি মার্কিন ডলার।
সুত্র: ফিন্যান্সিয়াল টাইমস