শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়। কেননা, দারিদ্র্য হলো একটি বহুমাত্রিক সমস্যা। তাই এর সমাধানও করতে হবে বহুমাত্রিক উপায়ে।
গতকাল শনিবার ‘অতি দরিদ্রদের অবস্থা ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও কৃষি শ্রমিক অধিকার মঞ্চ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, অতি দরিদ্রদের স্বীকার করে নিয়ে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আর দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বের কাছে অনুকরণীয় বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে অগ্রগতি সারা বিশ্বে আলোচিত হচ্ছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যে (এমডিজি) ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ২৯ শতাংশে নামিয়ে আনার কথা। কিন্তু দুই বছর আগেই বাংলাদেশের দারিদ্র্যের হার ২৬ শতাংশে নেমে গেছে।
রাজনীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক নেতা বলেন, গুপ্তভাবে আক্রমণ করব। তারপর যদি এই হামলা বেড়ে যায়, তাহলে কি আমরা তাদের দায়ী করব না?’
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অতি দরিদ্রদের চিহ্নিত করে তাদের জন্য টেকসই কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। খাসজমি ও জলাশয়গুলো অতি দরিদ্রদের দিলে কর্মসংস্থান হবে। তিনি মনে করেন, অতি দরিদ্রদের উদ্ধারে নারীদের প্রাধান্য দিতে হবে, তা না হলে কোনো কাজ হবে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা জঙ্গিবাদের কথা বলেন, কিন্তু খালেদা জিয়ার কথা বলেন না—এটা দ্বৈতনীতি। এই দ্বৈতনীতি পরিহার করা উচিত।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী মনে করেন, ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এক-দুই হাজার টাকা দিয়ে কাজ হবে না। কমপক্ষে ১০০ ডলারের সমপরিমাণ টাকা দিতে হবে যেন ওই দরিদ্র মানুষটি কিছু করতে পারেন।
পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বিভিন্ন গবেষণার উল্লেখকরে বলেন, ক্ষুদ্রঋণ নেওয়া দরিদ্র মানুষের মধ্যে ১০ শতাংশও দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারেনি। শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক বিষয়ের প্রতি নজর দিতে হবে।