অর্থ প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন উইমেন চেম্বারের নেতৃবৃন্দ
শুধু ঢাকার বড় নারী উদ্যোক্তারাই পাচ্ছেন এসএমই ঋণ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সারা দেশের নারী উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। পাচ্ছেন শুধু ঢাকার বড় কয়েকজন নারী উদ্যোক্তা। ঋণ দেওয়ার ক্ষেত্রে এমন বৈষম্য করছে কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহ্মাদ, সভাপতি সঙ্গীতা আহমেদ, সহসভাপতি হাসিনা নেওয়াজ, পরিচালক গুলশান নাসরিন চৌধুরী, তানিয়া ওয়াহাব, সাফিয়া শামা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উইমেন চেম্বারের নেতারা সামাজিক বাধা, দক্ষতার সমস্যা এবং অর্থায়ন—এই তিন প্রধান সমস্যার কথা অর্থ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাঁরা আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা, বিদেশের বিভিন্ন মেলায় অংশ নেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানান।
সেলিমা আহ্মাদ বলেন, এসএমই খাতের জন্য ঋণের মোট বরাদ্দের ১৫ শতাংশ পাওয়ার কথা নারী উদ্যোক্তাদের। সেই ঋণ ব্যাংকগুলো দিচ্ছে ঠিকই, কিন্তু তা পাচ্ছেন মূলত ঢাকার বড় কয়েকজন। ব্যাংকগুলো নিয়ম রক্ষায় ঋণ দিয়ে শুধু কোটা পূরণ করছে।
সঙ্গীতা আহমেদ বলেন, ‘সব সময় রপ্তানির দিকে তাকালে হবে না। আমাদের স্থানীয় বাজারও কম বড় নয়। সরকারকে তো এগিয়ে আসতে হবেই, স্থানীয় বাজারে অবস্থান তৈরি করতে নারীদেরও সক্ষমতা তৈরি করতে হবে।’
তানিয়া ওয়াহাব বলেন, এসএমই খাতের নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায়ের হার প্রায় শতভাগ।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, উইমেন চেম্বারের একটি দাবিও অযৌক্তিক নয়। যত দূর সম্ভব এগুলো পূরণের ব্যবস্থা করা হবে। আগামী বাজেটের আগে চেম্বারটির সঙ্গে আবারও বসা হবে।