তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ ও শ্রম নিরাপত্তা
শুধু প্রতিশ্রুতি নয়, কাজের বাস্তবায়ন দেখতে চায় ইইউ
সাভারে ভবনধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে ঘোষিত পদক্ষেপ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা।কূটনীতিকেরা বলেছেন, অঙ্গীকার অনেক হয়েছে। এবার সত্যিকারের কিছু করতে হবে। আর এ ক্ষেত্রে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএকে মুখ্য ভূমিকা নিতে হবে। একই সঙ্গে তাঁরা শিল্পটির উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।পোশাক খাতের সার্বিক উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানাতে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক বৈঠকে কূটনীতিকেরা এসব কথা বলেন।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পোশাকের বড় ক্রেতা দেশগুলোর কূটনীতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে পোশাক খাতের সার্বিক অবস্থা ও গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। তিনি পোশাক কারখানাগুলোর জন্য ক্রেতা প্রতিষ্ঠানগুলোর একক আচরণবিধি (কোড অব কনডাক্ট) দাবি করেন।বৈঠক সূত্রে জানা যায়, উপস্থিত কূটনীতিকেরা পাস হওয়া শ্রম আইন, আইনের বাস্তবায়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বেটার ওয়ার্ক প্রোগ্রাম চালু, শ্রমিকদের সংঘ করার অধিকার দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিএমইএর নেতাদের সঙ্গে আলোচনা করেন।কূটনীতিকেরা এ সময় বলেন, রানা প্লাজা ধসের ঘটনাটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। ওই ঘটনার প্রায় দেড় মাস পরও ইউরোপ ও আমেরিকার সংবাদপত্রে শীর্ষ সংবাদ হচ্ছে। বাংলাদেশকে এখন কিছু করে দেখাতে হবে। উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে না পারলে এবং সাভারের মতো আরেকটি ঘটনা ঘটলে বাংলাদেশ বিরাট সংকটে পড়বে।বৈঠক শেষে বিজিএমইএ ও কূটনীতিকদের পক্ষ থেকে যৌথ ব্রিফিং করা হয়। এতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ডেলিগেশনের প্রধান উইলিয়াম হান্না বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত এখন একটি ক্রান্তিকালে আছে। এখান থেকে পোশাক খাতকে সামনে এগিয়ে নিতে হবে। আর এ ক্ষেত্রে আমরা বাংলাদেশের পাশে থাকব।’উইলিয়াম হান্না আরও বলেন, ‘বাংলাদেশ যে অঙ্গীকারগুলো করেছে, তার সত্যিকার বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে বিজিএমইএর পাশাপাশি ক্রেতাদের দায়িত্বশীল হতে হবে।’একক আচরণবিধির বিষয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, একেক ক্রেতা প্রতিষ্ঠান কারখানার জন্য একেক ধরনের আচরণবিধি প্রণয়ন করে। এতে বিভিন্ন ক্রেতার কাজ করতে গিয়ে কারখানাগুলোকে সমস্যায় পড়তে হয়। একক আচরণবিধি হলে কারখানার জন্য সহজ হবে।অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চেকন, ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিঙ্কুয়ার, জার্মানি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স রালফ রুখসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।