শুনানি শেষ, এখন শুধু অনুমোদনের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি (স্কিম) অনুমোদনের আগে গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চূড়ান্ত শুনানিতে অংশ নিয়েছে ডিএসই।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী স্টক এক্সচেঞ্জের ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করেছে ডিএসই। আটজন স্বতন্ত্র পরিচালক, ছয়জন শেয়ারধারী পরিচালক ও বাকি একজন কৌশলগত পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সমন্বয়ে এই পর্ষদ গঠনের সুপারিশ করা হয়। প্রাথমিকভাবে বিএসইসি ডিমিউচুয়ালাইজেশনের যে খসড়া তৈরি করেছে তাতে ১৩ জনের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব ছিল। এখন সেই সংখ্যা আরও দুজন বাড়িয়ে ১৫ জনে উন্নীত করার প্রস্তাব করেছে ডিএসই।
এ ছাড়া শুনানিতে ডিএসইর নিকুঞ্জ ও মতিঝিল ভবনের বিষয়েও নিজেদের মতামত তুলে ধরা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শুনানি অনুষ্ঠিত হয়। সিএসইর পক্ষ থেকেও ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৫ সদস্যবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দুই স্টক এক্সচেঞ্জের শুনানির ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে বিএসইসি ২৯ সেপ্টেম্বরের মধ্যে স্কিম অনুমোদন করবে বলে জানা গেছে।