শুনানি শেষের আগে ব্যবস্থা না নিতে বললেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনানি শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকারদের ন্যূনতম বেতন-ভাতা কার্যকর না করলে কোনো ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। আজ বুধবার এ–সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর উদ্দেশে এ কথা বলেন। একই সঙ্গে আদালত রুল শুনানির জন্য কাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

গত ২০ জানুয়ারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণসংক্রান্ত এক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। পরে তা সংশোধন করে ১ ফেব্রুয়ারি আরেকটি সার্কুলার জারি করা হয়। ওই দুটি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও শেয়ারবাজারে ব্যাংক খাতের বিনিয়োগকারী ফরহাদ বিন হোসাইন গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন।

রুলে ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়। আইনি মতামত দিতে চারজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকনউদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী। একই সঙ্গে ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে।

আদালতের রিটের পক্ষে আইনজীবী এ এম মাছুম শুনানিতে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও তানজিব উল আলম শুনানিতে ছিলেন। অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিষয়টি উঠলে একপর্যায়ে আদালত বলেন, কেউ যদি বাস্তবায়ন (সার্কুলারের নির্দেশনা) না করতে চায় বা না করে তাহলে কী পরিণতি হবে? তখন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ফিদা এম কামাল বলেন, আইনের বিধান অনুসারে ডিসিপ্লিনারি অ্যাকশন (শৃঙ্খলামূলক ব্যবস্থা) নেওয়া হবে। আদালত বলেন, আপাতত এটি করবেন না। শুনানি শেষ না হওয়া পর্যন্ত ডিসিপ্লিনারি অ্যাকশন (শৃঙ্খলামূলক ব্যবস্থা) নেবেন না। তাদের প্রতি কঠোর হবেন না।