পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১২৫ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন। গেল সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে প্রথম দিন বাজার চাঙা থাকলেও শেষ তিন দিন দরপতনের ঘটনা ঘটে।বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজার স্থিতিশীল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তার কোনোটিই তেমন কাজে আসছে না। আর এ জন্য অনেকে বিনিয়োগকারীর অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন তাঁরা।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সরকারের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর বাজার কিছুটা স্বাভাবিক হলেও তিন দিনের দরপতন অনেকটা অস্বাভাবিক ব্যাপার। এর জন্য তিনি বিনিয়োগকারীদের অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন।সাবেক এই উপদেষ্টার মতে, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের মূল্য-আয়ের অনুপাত বা পিই বেশ ভালো। এ অবস্থায় ওইসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার কথা নয়। তবে বাজারে দেখা যাচ্ছে দাম বাড়লে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের দাম বাড়ছে। আবার দাম কমলে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমছে। সুতরাং এটা বিনিয়োগকারীদের অপরিপক্বতার লক্ষণ। তিনি জানান, বাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রথমেই প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা। একই সঙ্গে দরকার বড় বিনিয়োগকারীদের এগিয়ে আসা।ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার সপ্তাহের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৬৩ পয়েন্ট বেড়ে যায়। তবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দরপতনের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকে ১২৫ পয়েন্টের পতন হয়। সপ্তাহের শুরুতে রোববার সূচক ছিল ৫৯২৬ পয়েন্ট যা সপ্তাহ শেষে বৃহস্পতিবার ২.১২ শতাংশ কমে ৫৮০০ পয়েন্টে দাঁড়ায়।এ ছাড়া গেল সপ্তাহে ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত ছিল দুটির।এ ছাড়া আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬৬৮ কোটি টাকা করে হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৮৯ কোটি টাকা। গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ দুই হাজার ৬৭৩ কোটি টাকা।এ ছাড়া গেল সপ্তাহে ডিএসইর বাজারমূলধন ২.৫৪ শতাংশ কমে দুই লাখ ৬৪ হাজার ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুতে ছিল দুই লাখ ৭১ হাজার ৪৯ কোটি টাকা।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা দশটি প্রতিষ্ঠান হলো—এনবিএল, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ওয়ান ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফিন্যান্স ও তিতাস গ্যাস।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বাড়ায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, এশিয়া ইনস্যুরেন্স, ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, এসিআই, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্লাক্সো স্মিথকেলাইন, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সটেক্স ও বিডি ফিন্যান্স।সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, সিএমসি কামাল, এনবিএল, ইউসিবিএল, তাল্লু স্পিনিং, রহিমা ফুড, আনলিমা ইয়ার্ন, বার্জার পেইন্ট, সোনারগাঁও টেক্সটাইল ও ইমাম বাটন।