শুরু উত্থানে, শেষ পতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১২৫ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন। গেল সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে প্রথম দিন বাজার চাঙা থাকলেও শেষ তিন দিন টানা দরপতনের ঘটনা ঘটে।বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজার স্থিতিশীল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তার কোনোটিই তেমন কাজে আসছে না। আর এ জন্য অনেক বিনিয়োগকারীর অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন তাঁরা।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সরকারের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর বাজার কিছুটা স্বাভাবিক হলেও তিন দিনের দরপতন অনেকটা অস্বাভাবিক। এর জন্য তিনি বিনিয়োগকারীদের অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন।সাবেক এই উপদেষ্টার মতে, অনেক প্রতিষ্ঠানের মূল্য আয়ের অনুপাত বা পিই বেশ ভালো। এ অবস্থায় ওই সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার কথা নয়। তবে বাজারে দেখা যাচ্ছে দাম বাড়লে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের দাম বাড়ছে। আবার দাম কমলে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমছে। সুতরাং এটা বিনিয়োগকারীদের অপরিপক্বতার লক্ষণ। তিনি জানান, বাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রথমেই প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা। একই সঙ্গে দরকার বড় বিনিয়োগকারীদের এগিয়ে আসা।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে ঋণ সমন্বয়ের জন্য গ্রাহকদের শেয়ার চাপ দিয়ে বিক্রি বা ফোর্সড সেল না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে ঘোষণা দিয়ে ফোসর্ড সেল না করলেও কৌশলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেয়ার বিক্রি করতে প্রলুব্ধ করার মাধ্যমে ঋণ সমন্বয় করা হচ্ছে। এ ঘটনা বাজারকে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ তাঁদের। ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার সপ্তাহের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৬৩ পয়েন্ট বেড়ে যায়। তবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দরপতনের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকে ১২৫ পয়েন্টের পতন হয়। সপ্তাহের শুরুতে রোববার সূচক ছিল পাঁচ হাজার ৯২৬ পয়েন্ট, যা সপ্তাহ শেষে বৃহস্পতিবার ২ দশমিক ১২ শতাংশ কমে পাঁচ হাজার ৮০০ পয়েন্টে নেমে আসে। এ ছাড়া গেল সপ্তাহে ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত ছিল দুটির।ডিএসইতে গত সপ্তাহে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ৩ দশমিক ৪ শতাংশ হারে কমে ৬৬৮ কোটি টাকা করে হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৮৯ কোটি টাকা। গত সপ্তাহে মোট দুই হাজার ৬৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ২ দশমিক ৫৪ শতাংশ কমে দুই লাখ ৬৪ হাজার ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুতে ছিল দুই লাখ ৭১ হাজার ৪৯ কোটি টাকা।