শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার দেশব্যাপী শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি। ১০ বছর আগে সর্বশেষ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়েছিল। তৃতীয়বারের মতো এই শুমারি সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যের হালনাগাদ চিত্র পাওয়া যাবে। এটি সরকারের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালনায় অর্থনৈতিক শুমারির পর্যায়গুলো হচ্ছে প্রাক্-শুমারি, মূল শুমারি, শুমারি-পরবর্তী যাচাই (পিইসি) ও নমুনা শুমারি। প্রাক্-শুমারি (পাইলটিং) ইতিমধ্যে শেষ হয়েছে। আর মূল শুমারির প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে ৩১ মার্চ। দ্বিতীয় পর্ব শুরু হবে ২ মে। শুমারির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি টাকা।রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (এসআইডি) সচিব মো. নজিবুর রহমান, বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, এসআইডির যুগ্ম সচিব আবদুল জলিলসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে শুমারির ইতিহাসে প্রথমবারের মতো মূল অর্থনৈতিক শুমারির পূর্বে সব খানা ও প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত সব প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া অকৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেসব খানা থেকে তথ্য নেওয়া হবে।মূল অর্থনৈতিক শুমারির জন্য ইতিমধ্যে ২৭টি প্রশ্নসংবলিত প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। এতে খানা ও প্রতিষ্ঠানের সাধারণ তথ্য ছাড়াও মালিকানার ধরন, উৎপাদিত পণ্য, প্রবাসী বিনিয়োগ, নিবন্ধন, মূলধন, বিক্রয় ও হিসাব ব্যবস্থা, উৎপাদন পদ্ধতি, কর্মরত জনবল ও তাদের বেতন বা মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং কর ও মূসক নিবন্ধন ইত্যাদি তথ্য সংগ্রহের কথা আছে। অর্থনৈতিক শুমারি ছাড়াও বর্তমানে বিবিএস সাতটি কর্মসূচি ও ১৮টি জরিপ কার্যক্রম পরিচালনা করছে। এগুলোর মধ্যে প্রবাসী-আয়ের ব্যবহার-সম্পর্কিত জরিপ, টেস্ট ফেইস ফর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জাতীয় হিসাব উন্নয়ন কর্মসূচি, বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা, মা ও শিশু পুষ্টি জরিপ এবং লিটারেসি অ্যাসেসমেন্ট সার্ভে অন্যতম। সংবাদ সম্মেলনে এসব কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা বিস্তারিত জানান।এবারই প্রথম প্রবাসী-আয়ের ব্যবহার-সম্পর্কিত জরিপ করতে যাচ্ছে বিবিএস। এক কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ের এই জরিপ সম্পন্ন হলে প্রবাসীদের আয়, সঞ্চয়, বিনিয়োগ ও ভোগ ব্যয় ইত্যাদি জানা যাবে। এ ছাড়া প্রবাসী-আয় গ্রহণকারী খানার আর্থসামাজিক অবস্থা, বিদেশে তাঁরা কী কাজ করেন, তাঁরা প্রশিক্ষিত কি না ইত্যাদি তথ্য সংগ্রহ করা হবে।অন্যদিকে টেস্ট ফেইস ফর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র জনগোষ্ঠীর তথ্যভান্ডার করা হবে। এটির পরিচালক সত্যরঞ্জন মণ্ডল বলেন, এটি হলে বিভিন্ন সেবা দেওয়া সহজ হয়ে যাবে।