শুরু হচ্ছে উজান গাঙের নাইয়ার দ্বিতীয় সিরিজ

এটিএন বাংলায় ২৩ জুন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার দ্বিতীয় সিরিজ। এ উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এক প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিবিসি মিডিয়া অ্যাকশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত পারিবারিক বিনোদনমূলক এ ধারাবাহিকটি দর্শকেরা দেখতে পাবেন প্রতি মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে। এই নাটকের অভিনয় শিল্পী, গর্ভবতী মা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘নাটকের পরে’ প্রচারিত হবে এটিএন বাংলাতেই প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উজান গাঙের নাইয়া সিরিজ-১-এর কাহিনি যেখানে শেষ হয়েছিল তার কয়েক বছর পরের গল্প নিয়েই উজান গাঙের নাইয়া সিরিজ-২-এর শুরু। নতুন এই সিরিজটিতে আনিকাকে চিন্তা-চেতনায় পরিণত এক স্বাস্থ্যকর্মী হিসেবে শহরের বস্তিতে গর্ভবতী মায়েদের সেবা দিতে দেখা যায়। আর এখান থেকেই নিজের জীবনের ভিন্ন এক লক্ষ্যকে সামনে নিয়ে আনিকা স্বাস্থ্যকর্মী হিসেবে তার নতুন যাত্রা শুরু করে এ দেশের প্রত্যন্ত এক জেলে পল্লিতে। গল্পের এই পর্যায়ে দর্শকের পরিচয় ঘটে চিকিৎসক নাইমের সঙ্গে। আনিকার মতোই জীবনের নানা ঘাত-প্রতিঘাত যাকে পৌঁছে দেয় একই জেলে পল্লিতে।
একদিকে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে একই লক্ষ্য নিয়ে কাজ করে চলা আনিকা ও নাইম কী করে তাদের অতীতকে পেছনে ফেলে পরস্পরের সহযাত্রী হয়ে সামনে এগিয়ে যায়, সেই গল্পই উঠে এসেছে উজান গাঙের নাইয়ার দ্বিতীয় সিরিজে। সেই সঙ্গে উজান গাঙের নাইয়া ফুটিয়ে তুলেছে আনিকা ও নাইমের প্রেরণায় জীবনের কঠিনতম চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ সরল আর অসাধারণ কিছু মানুষের গল্পও।
রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিষ সিনহার চিত্রনাট্য এবং বাশার জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার দ্বিতীয় সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, চম্পা, তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, স্পর্শিয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হকসহ আরও অনেকে।
নাটকটির সম্প্রচার শুরু হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পলিসি অ্যান্ড গ্লোবাল প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল নিক ডায়ার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নাটকটির কলা-কুশলী, বাংলাদেশ সরকার, এটিএন বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উজান গাঙের নাইয়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত বিবিসি আগমনী প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পটির লক্ষ্য হলো গণমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের মানুষের মধ্যে গর্ভ ও প্রসবকালীন সঠিক আচরণ ও অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করা।