সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির গতিপ্রকৃতি ২০১২ সালে মন্থর হয়ে পড়ছে। অবশ্য আগামী বছর তা আবারও জোরালো গতিতে পুনরুদ্ধার পেতে পারে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন সামনে রেখে বিশ্ব অর্থনীতি নিয়ে যেসব পূর্বাভাস প্রকাশিত হয়েছে তাতে এটিও অন্যতম। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গতকাল সোমবার সিঙ্গাপুরে পূর্ব এশিয়ার অর্থনীতিসংক্রান্ত যে প্রতিবেদন উন্মোচন করেন, তাতে এসব কথা বলা হয়েছে। এতে বিশ্বব্যাংকের প্রধান বলেন, বিশ্ব অর্থনীতিতে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারি গত দুই দশকে ৬ শতাংশ থেকে বেড়ে এখন প্রায় ১৮ শতাংশে দাঁড়িয়েছে। এভাবেই পূর্ব এশিয়ার শ্লথ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে আজ মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে শুরু হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে জাপানের রাজধানীতে আসতে শুরু করেছেন বিশ্বের অধিকাংশ দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও রয়েছেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়। সম্মেলনের উদ্বোধনী দিনে ‘বিশ্ব অর্থনীতির সম্ভাবনা’ শীর্ষক এক সংবাদ ব্রিফিংয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনৈতিক উপদেষ্টা ও গবেষণা পরিচালক অলিভিয়ের ব্লানশার বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের মূল্যায়ন তুলে ধরবেন। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সম্মেলনের যাত্রা শুরু হবে। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ১৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানবেন। পাঁচ দিনের সম্মেলনে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের উপস্থিতিতে আয়োজিত একগুচ্ছ সেমিনার থাকছে। উদ্বোধনী দিনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) অর্থায়নবিষয়ক এক সেমিনারে অন্যতম আলোচক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী।এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিনিধিদলে আরও অন্তর্ভুক্ত আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অর্থমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের প্রধান ১১ অক্টোবর সম্মেলনের বাইরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।