শুরু হচ্ছে মুঠোফোনের বিশ্বমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবলের বাইরে স্পেনের শহর বার্সেলোনার আরেকটি কারণে খ্যাতি আছে। কাতালান রাজ্যের এই শহরটি পরিচিত বিশ্বের টেলিযোগাযোগ ও মুঠোফোন প্রযুক্তি খাতের রাজধানী হিসেবে। কারণ, প্রতিবছর এই বার্সেলোনাতেই বসে মুঠোফোনের বিশ্বমেলা। ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ নামে পরিচিত এই মেলা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এবারের মেলার স্লোগান হচ্ছে ‘মোবাইল ইজ এভরিথিং’।
মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) প্রতিবছর এই মোবাইল কংগ্রেসের আয়োজন করে। ১৯৮৭ সালে শুরু হয়ে ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। এরপরই তা চলে আসে স্পেনের বার্সেলোনায়। মোবাইল অপারেটর, মুঠোফোন নির্মাতা, মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, সরবরাহকারী, নীতিনির্ধারক, করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী—টেলিযোগাযোগ খাতের সঙ্গে নানাভাবে জড়িতদের মিলনমেলা হয়ে উঠে এই উৎসব। এ বছর বিশ্বের ২০০টি দেশ থেকে ৯৫ হাজার মানুষ অংশ নিচ্ছেন মুঠোফোনের এই বিশ্বমেলায়।
প্রতিবছরই এই বিশ্বমেলায় থাকে নানা চমক ও নতুন প্রযুক্তির উদ্বোধন। বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠানগুলো সব সময়ই তাদের সেরা মডেলের মুঠোফোন ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের উদ্বোধন করে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। এবারের কংগ্রেসে দুই হাজার প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত পণ্য বা প্রযুক্তি প্রদর্শনের জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং তাদের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ সংস্করণ ‘এস সেভেন’ ও ‘এস সেভেন এজ’ বার্সেলোনায় উদ্বোধনের ঘোষণা দিয়েছে। চীনা মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও শিয়াওমি তাদের ফ্ল্যাগশিপ বা সেরা স্মার্টফোনের মডেলও এখানে উদ্বোধন করবে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মডেল পিনাইন ও শিয়াওমির মি ফাইভ ছাড়াও বার্সেলোনায় প্রথমবারের মতো প্রদর্শিত হবে এলজির স্মার্টফোন ‘জিফাইভ’। স্মার্টফোন ছাড়াও হুয়াওয়ে তাদের সর্বশেষ সংস্করণের বেশ কয়েকটি স্মার্ট ওয়াচ, হাইব্রিড ট্যাবলেট-ল্যাপটপ বার্সেলোনার এ মেলায় উদ্বোধন করবে। সনি এক্সপেরিয়া ব্র্যান্ডের নতুন কয়েকটি স্মার্টফোন উদ্বোধন করবে। এর মধ্যে প্রধান আকর্ষণ হতে যাচ্ছে সনি এক্সপেরিয়া ‘জেড সিক্স’।
স্মার্টফোনের পাশাপাশি পঞ্চম প্রজন্মের (ফাইভজি) টেলিযোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক নিয়েও আলোচনা হবে এবারের মোবাইল কংগ্রেসে। ফাইভজির মান এখনো নির্ধারিত না হলেও এখানে আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে তা নির্ধারিত হতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন কোম্পানি ইন্টেল তাদের বিশদ পরিকল্পনার বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় বহুজাতিক নেটওয়ার্ক নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন ও নকিয়ার সঙ্গে যৌথভাবে হুয়াওয়েও ফাইভজি নিয়ে তাদের চিন্তাভাবনার কথা জানাবে বার্সেলোনায়। আর দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম তাদের উদ্ভাবিত ফাইভজি প্রযুক্তির প্রদর্শনীই দেখানোর পরিকল্পনা করেছে।
এবারের মোবাইল কংগ্রেসের আরেকটি আকর্ষণীয় বিষয় হতে যাচ্ছে ভার্চ্যুয়াল রিয়েলিটি। স্যামসাং, এলজি, এইচটিসির মতো প্রতিষ্ঠানগুলো ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে চেষ্টা করবে একে অপরকে টক্কর দেওয়ার।
ইন্টারনেট অব থিংস বা ইন্টারনেট-কেন্দ্রিক জীবনযাত্রার ধারণার বিস্তারিত নিয়েও আলোচনা হবে এবারের কংগ্রেসে। মুঠোফোন ও প্রযুক্তি ব্যবহারে লিঙ্গবৈষম্য দূর করতে ‘কানেক্টেড ওমেন’ বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রতিবছরই মোবাইল কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে অংশ নেন বিশ্বের নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এর মধ্যে আছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, ইন্টেলের সিইও ব্রায়ান রাজনিক, সিসকো সিইও চাক রবিনসসহ নামীদামি প্রতিষ্ঠানের নির্বাহীরা। জাকারবার্গের বক্তৃতা সব সময়ই মোবাইল কংগ্রেসের অন্যতম আকর্ষণ। বিশেষ করে তাঁর উদ্যোগে শুরু হওয়া ইন্টারনেট ডট অর্গের কার্যক্রম ভারতসহ বেশ কয়েকটি দেশে বন্ধ হওয়ায় জাকারবার্গের প্রতিক্রিয়া জানতে সবার চোখ তাঁর ওপরই থাকবে।
বাংলাদেশ থেকে মোবাইল কংগ্রেসে অংশ নিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ দেশের মুঠোফোন অপারেটরদের প্রতিনিধি ও খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।