শুরু হলো ব্যবসায়িক সমস্যা সমাধানের প্রতিযোগিতা
দেশে ‘এইচএসবিসি-আইবিএ বিজনেস কেস কম্পিটিশন ২০১৭’ শীর্ষক ব্যবসায়িক সমস্যা সমাধানের প্রতিযোগিতা শুরু হয়েছে। দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ (আইবিএ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য মারিকো এবং আইবিএর পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ সম্প্রতি প্রতিযোগিতাটির উদ্বোধন করেন।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবসায় বিভাগে অধ্যয়নরত (আন্ডারগ্র্যাজুয়েট) শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সাহায্যে প্রকৃত ব্যবসায়িক সমস্যা বা বিজনেস কেস সমাধানের সুযোগ পাবেন।
প্রতিযোগী প্রতিটি দলের সদস্যসংখ্যা হবে চারজন। একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ চারটি দল অংশ নিতে পারবে। আগ্রহীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পর্বের রেজিস্ট্রেশন শুরু হবে আজ বৃহস্পতিবার, যা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগীদের নানা রকম বিজনেস কেস বা ব্যবসায়িক সমস্যার সমাধান করতে হবে। বিস্তারিত তথ্য ও ফরম ডাউনলোড করা যাবে www.hsbc.com.bd/bcc এই ওয়েবসাইটে।
বাংলাদেশ পর্যায়ে বিজয়ী তিনটি দল (চ্যাম্পিয়ন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল) ট্রফিসহ নগদ পুরস্কার পাবে। চ্যাম্পিয়ন দল হংকংয়ে আঞ্চলিক ফাইনালে এশিয়ার অন্যান্য বিজয়ী দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।