শুরু হয়নি পাহাড়ি সড়ক নির্মাণের সমীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মিজোরামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করার লক্ষ্যে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবতী ঠেগামুখ স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশগত সমীক্ষার কাজ শেষ হয়েছে। সেখানে স্থলবন্দর নির্মাণেরও তোড়জোড় চলছে। কিন্তু এই স্থলবন্দরের
সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটি যুক্ত হওয়ার সড়কপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়নি।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার রাঙামাটির ঠেগামুখ স্থলবন্দর নির্মাণ করে মিজোরামের সঙ্গে, সাতক্ষীরার ভোমরা এলাকায় স্থলবন্দর করে পশ্চিমবঙ্গের সঙ্গে এবং সিলেটের শেওলা এলাকায় স্থলবন্দর করে আসামের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে আগ্রহী। এ কারণে গত অর্থবছরে তিনটি স্থলবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। চলতি অর্থবছরের আগস্টে সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন দাখিল করা হয়েছে। কিন্তু মিজোরাম সীমান্তবর্তী ঠেগামুখ থেকে রাঙামাটি ও চট্টগ্রাম পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের মূল কাজ শুরু হয়নি।
স্থলবন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঠেগামুখে স্থলবন্দর নির্মাণের ব্যাপারে পার্বত্য এলাকার পাহাড়ি নেতাদের আপত্তি আছে। বিশেষ করে ঠেগামুখ থেকে রাঙামাটি পর্যন্ত পাহাড়ের বুক চিড়ে সড়ক নির্মাণের ব্যাপারে তাঁদের আপত্তি আছে বলে জানা গেছে। যদিও ঠেগামুখ থেকে নৌপথে বছরের সাত-আট মাস আমদানি-রপ্তানি বাণিজ্য সম্ভব। স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজের সঙ্গে পাহাড়ি পথে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার মতামত নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার।
ঠেগামুখ স্থলবন্দরের সমীক্ষার কাজ শেষ হলেও বন্দরের সঙ্গে কোন পথ দিয়ে রাঙামাটির রাস্তা যুক্ত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) সমীক্ষার কাজ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে বরকলের ঠেগামুখ পর্যন্ত ৩২৭ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা আছে। ঠেগামুখ স্থলবন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপনে দুই ভাগে এই পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি চট্টগ্রাম বন্দর থেকে রাজস্থলী হয়ে ঠেগামুখ পর্যন্ত হতে পারে, যার দূরত্ব ১৮৪ দশমিক ৯৭ কিলোমিটার এবং রাঙামাটি হয়ে আরেকটি বহুমাত্রিক পথ নির্মাণের পরিকল্পনা আছে, যার দূরত্ব ১৪২ দশমিক ৮৮ কিলোমিটার। তবে সবকিছু এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, রাঙামাটির ঠেগামুখ এলাকায় স্থলবন্দর নির্মিত হলে বাংলাদেশ থেকে সিমেন্ট, রডসহ নির্মাণসামগ্রী, প্রসাধনসামগ্রী, ভোগ্যপণ্যসহ বিভিন্ন তৈরি জিনিস ভারতের মিজোরামে রপ্তানি করা যাবে। আর ভারতের মিজোরাম থেকে বাঁশ, কাঠ, আনারস, কাঁঠাল, ফলমূল, আদা, হলুদসহ মসলাজাতীয় পণ্য আমদানি বাড়বে। যোগাযোগব্যবস্থা না থাকার কারণে সেখানকার পাহাড়ি বাসিন্দারা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলে কার্যত কৃষকেরা লাভবান হবেন।