
আশা ছিল কম, তাই প্রস্তুতিও বেশি ছিল না। এই নিয়েই এবার বাংলা নববর্ষকে ঘিরে পোশাক ব্যবসায় নেমেছিল ফ্যাশন হাউসগুলো। ব্যবসার শুরুটা ভালোই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আশানুরূপ হয়নি বলে জানান অনেক ব্যবসায়ী।
একাধিক ফ্যাশন ব্যবসায়ী ও তাঁদের সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ) নেতারা বলছেন, বৈশাখী পোশাকের ব্যবসার বড় অংশই হয় পয়লা বৈশাখের আগের চার-পাঁচ দিন। কিন্তু এ সময়টায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কামারুজ্জামানের ফাঁসিকে কেন্দ্র করে আতঙ্কে ছিলেন ক্রেতারা। ফ্যাশন হাউসগুলোও এ কারণে সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে জামায়াতে ইসলামী হরতাল ডাকে। তা না হলে ব্যবসা ভালো হতো।
জানতে চাইলে ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক বলেন, ‘মাসের শুরুতে বোঝা যাচ্ছিল না কী হবে? তাই আমরা খুব বেশি আশা করিনি। তবুও মনে হচ্ছিল ব্যবসা ভালো যাবে। কিন্তু তা আর হয়নি। কারণ বৈশাখের ব্যবসার ৬০ শতাংশই হয় শেষ চার-পাঁচ দিনে। এ সময়টাতেই ব্যবসা হচ্ছে কম। তাই আগের বছরের চেয়ে এবার খুব বেশি ব্যবসা হবে বলে মনে হচ্ছে না।’
সারা বছর ফ্যশন ও বুটিক হাউসগুলোর কী পরিমাণ ব্যবসা হয়, এর একটি হিসাব করেছে ফ্যাশন উদ্যোগ। সংগঠনটির হিসাবে, সারা বছর তাদের শোরুমগুলোতে ছয় হাজার কোটি টাকার পোশাক বিক্রি হয়। এর অর্ধেকই হয় রোজার ঈদে। পয়লা বৈশাখ উপলক্ষে হয় ২৫ শতাংশ। বাকিটা হয় সারা বছর। দেশে এখন সাড়ে চার হাজারের মতো ফ্যাশন হাউস আছে। এর ৬০ শতাংশই ঢাকা ও চট্টগ্রামে।
একাধিক ফ্যাশন হাউস মালিকের সঙ্গে আলাপ করে জানা যায়, গত তিন মাসের রাজনৈতিক সহিংসতায় তাঁদের সীমিত পরিসরে ব্যবসা হয়েছে। এ সময়ে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ, একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চের মতো উৎসবের উপলক্ষ থাকলেও ক্রেতারা ফ্যাশন হাউসমুখী হননি। তাই এসব উপলক্ষ হাসি ফোটাতে পারেনি ফ্যাশন হাউস মালিকদের।
আবার বৈশাখী ব্যবসা সামনে রেখে ফ্যাশন হাউসগুলো কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। বিগত কয়েকটি উৎসবে ব্যবসা না হওয়ায় এবং রাজনৈতিক অস্থিরতা চলতে থাকায় পয়লা বৈশাখ ঘিরে এবার ব্যবসায়ীদের আশা কম ছিল। তাই তাঁদের আয়োজনও ছিল কম।
‘বৈশাখ উপলক্ষে এবার আমরা প্রস্তুতি কম নিয়েছি। কারণ তিন মাসের টানা হরতাল-অবরোধে তা সম্ভব হয়নি’ বলছিলেন ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান।
হরতাল-অবরোধ আতঙ্কে এবার অনেক ফ্যাশন হাউস বৈশাখী ব্যবসার জন্য বিনিয়োগ কম করেছে। এ প্রসঙ্গে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস রূপকথার স্বত্বাধিকারী কমল পাল বলেন, ‘পরিস্থিতির উন্নতি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। তবে শেষ মুহূর্তে অচলাবস্থা কেটে যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। কিন্তু বিনিয়োগ কম হওয়ায় বিক্রিও কম।’
ফ্যাশন হাউস রঙ-এর অন্যতম কর্ণধার সৌমিক দাস বলেন, ‘নতুন পোশাক এনেছিলাম। শুরুতে বিক্রিও ভালো হচ্ছিল। কিন্তু কামারুজ্জামানের ফাঁসি নিয়ে আতঙ্কের কারণে সেটা আর ধরে রাখা গেল না।’
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা সিটির দেশী দশের আউটলেট ঘুরে ক্রেতাদের ঢল দেখা গেছে। সাড়ে নয়টা পর্যন্ত পোশাক প্যাকেটে ঢোকানো কিংবা বিল করতে করতে শোরুমের কর্মীদের ক্লান্ত হয়ে পড়ার দৃশ্যও দেখা গেছে।
রূপকথার কমল পাল জানান, গত দুই বছর ভালো বেচাকেনা হলেও এবার তেমন হচ্ছে না। গতবার পয়লা বৈশাখের আগের ৭ থেকে ১০ দিন গড়ে প্রতিদিন ৫০-৬০ হাজার টাকার পোশাক বিক্রি হয়েছে। এবার ১৫ হাজার টাকাও বিক্রি হচ্ছে না।
ফ্যাশন হাউসগুলোতে প্রতিটি পাঞ্জাবি ৭০০ থেকে চার হাজার টাকা, শাড়ি ও সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকায়। তবে এবারও পোশাকের দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের।