শুরুতে অ্যামারেল্ড অয়েলের দাম বেড়েছে ৪৩৯ শতাংশ
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের পর আজ বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে অ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪৩৯ শতাংশ বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, অ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ গত জানুয়ারিতে আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। ডিএসইতে নতুন এই প্রতিষ্ঠানের ক্যাটাগরি ‘এন’। এ ছাড়া ডিএসই ট্রেডিং কোড ‘অ্যামারেল্ড অয়েল’ ও কোম্পানি কোড ১৪২৯৫। লেনদেনের আধা ঘণ্টা শেষে অ্যামারেল্ড অয়েলের শেয়ারের দাম ৪৩৯ শতাংশ বা ৪৩ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এদিকে কোম্পানিটি তাদের ত্রৈমাসিক হিসাবের তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর (অক্টোবর থেকে ডিসেম্বর) সমাপ্ত ত্রৈমাসিক হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানের কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৯৭ লাখ টাকা এবং বেসিক ইপিএস ৭৩ পয়সা। ২০১২ সালের একই সময়ে তাদের কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল দুই কোটি ৪১ লাখ টাকা এবং বেসিক ইপিএস ছিল ৯০ পয়সা। কোম্পানিটি জানায়, বেসিক ইপিএস কোম্পানির আইপিও পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে গণনা করা হয়েছে। আইপিওর পরবর্তী শেয়ারের ওপর গণনা করলে ওই তিন মাসে প্রতিষ্ঠানটির বেসিক ইপিএস হবে ৪২ পয়সা।