শুরুতে ইতিবাচক ধারায় সূচক
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৮০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির দাম বেড়েছে, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসি, অ্যাপেক্স ফুটওয়্যার, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, যমুনা অয়েল, গ্রামীণ ফোন, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, আইডিএলসি প্রভৃতি।