শুরুতে ইতিবাচক প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১১৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, হেইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।