দেশের শেয়ারবাজারে আজ বুধবার দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দরপতন হওয়ায় সূচকেরও পতন হয়েছে। তবে প্রথম দুই ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী থাকে। অন্যদিকে লেনদেন বেড়েছে দুই বাজারেই।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৪.৩৩ পয়েন্ট কমে ৪৯৬৮.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টায় সূচক ১১৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়। বেলা একটায় ৪ পয়েন্ট কমে যায়। এ সময় কয়েকবার ওঠানামার পর সূচক নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।দিনের শেষে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪২১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯৪ কোটি টাকার বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক ও ফু ওয়াং সিরামিকস।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৫.২৪ পয়েন্ট কমে ১৪০০৯.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকার বেশি।