শুরুতে দাম বেড়েছে বেশির ভাগ শেয়ারের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে বাজারের ঊর্ধ্বমুখী এই অবস্থা অব্যাহত রয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টির দাম বেড়েছে, কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, তাল্লু স্পিনিং, বেক্সিমকো, যমুনা অয়েল, বিএসসিসিএল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, ইউসিবিএল, আরএন স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।