শুরুতে নিম্নমুখী প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জে
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৯২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সাত পয়েন্ট বাড়ে সূচক। এরপর নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির দাম কমেছে, বেড়েছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বাটা শু, বিএসসি, রেনাটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা টেকনোলজিস, সিটি ব্যাংক প্রভৃতি।