শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতা
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেনে ধীরগতি লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হা ওয়েল টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এমজেএল বিডি, অ্যাকটিভ ফাইন, লাফার্জ সুরমা সিমেন্ট, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন প্রভৃতি।