শুরুতে সূচকের ওঠানামা

সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরুতে সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৫১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২৬ পয়েন্ট কমে যায়। এরপর ঊর্ধ্বমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দাম কমেছে, বেড়েছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, পদ্মা অয়েল, যমুনা অয়েল, বিএসসিসিএল, আইসিবি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আফতাব অটো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি প্রভৃতি।