শুরুতে সূচকের ওঠানামা প্রবণতা ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেনে ধীর গতি লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক এক পয়েন্ট বাড়ে। কিন্তু বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমে ১২ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইউনিক হোটেল, হা ওয়েল টেক্সটাইল, এএমসিএল (প্রাণ), ফ্যামিলিটেক্স, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআরএম স্টিল প্রভৃতি।