শুরুতেই নিম্নমুখী সূচক, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ঈদের ছুটির পর আজ মঙ্গলবার প্রথম কর্মদিবসেই সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বেলা এগারোটায় লেনদেনের প্রথম আধা ঘন্টায় ডিএসইতে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একইসঙ্গে কমেছে সাধারণ মূল্য সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ৪৫৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০ টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ২৩ পয়েন্ট কমে যায়। এরপর থেকে নিম্নমুখী এই প্রবণতা কিছুটা হ্রাস পেলেও এখনও নিম্নমুখী অবস্থায় রয়েছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৬টির দাম বেড়েছে। কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, কেয়া কসমেটিকস, ডেল্টা স্পিনার্স, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বিকন ফার্মা ও বিএসসিসিএল প্রভৃতি।