শুল্ক-অশুল্ক বাধায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ এশিয়ার বাণিজ্য
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা থাকলেও শুল্ক-অশুল্ক বাধার কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণের ভোগান্তি বাড়ছে।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল শনিবার ঢাকায় ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য ও শুল্ক-অশুল্ক বাধা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। লন্ডনভিত্তিক কমনওয়েলথ সচিবালয়ের সহযোগিতায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এই সেমিনারের আয়োজন করে। খবর তথ্যবিবরণী’র।বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল বলে অভিযোগ করা হয়। কিন্তু ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বাক্ষরিত যৌথ ইশতেহারে শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণসহ কতিপয় সিদ্ধান্ত নেওয়ার ছয় মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এ জন্য তিনি উভয় দেশের ‘শক্তিশালী’ আমলাতন্ত্রকে দায়ী করেন।ফারুক খান আরও বলেন, এই অঞ্চলের অগ্রগতির জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ জরুরি এবং যৌথ ইশতেহারে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশের কান্ট্রি পেপার উপস্থাপন করেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার। ভারতের কান্ট্রি পেপার উপস্থাপন করেন নিশা তানিজা।সেমিনারের আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মুস্তফা আবিদ, সানেম-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক কাবনি লাল এবং ডিএইচএল ইন্ডিয়ার জ্যেষ্ঠ পরিচালক আশুতোষ বাজপায়ী। এ ছাড়া সেমিনারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নেন।সেমিনারের বিকেলের অধিবেশনে শ্রীলঙ্কার কান্ট্রি পেপার উপস্থাপন করেন অধ্যাপক আই এন মুখার্জি। পাকিস্তানের কান্ট্রি পেপার উপস্থাপন করেন উসমান খান।সেমিনারে জানানো হয়, ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বর্তমান অবস্থার চেয়ে অনেক ভালো ছিল। তখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ২০ থেকে ২৫ শতাংশ ব্যবসা নিজেদের মধ্যেই হতো। কিন্তু বর্তমানে তা মাত্র ৩ থেকে ৫ শতাংশ। এর কারণ হিসেবে রাজনীতি, সংরক্ষণনীতি, একক জাতীয় রপ্তানি, শুল্ক-অশুল্ক বাধা, সীমান্ত ব্যাংকিং সুবিধা না থাকা, যানবাহনে ও এলসি মেশিনসহ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে প্রচুর দায়ী করা হয়েছে।