শুল্ক ও অশুল্ক বাধা নিরসনে কলকাতায় দ্বিপক্ষীয় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান শুল্কসংক্রান্ত বিধিনিষেধ অপসারণের লক্ষে গত বুধবার কলকাতায় দ্বিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে সীমান্তের অবকাঠামো উন্নয়ন, চোরাচালান রোধ এবং দুই দেশের মধ্যে যাতায়াতে পাসপোর্টধারী যাত্রীদের শুল্কসংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের শুল্ক কর্মকর্তারা যোগ দেন। এতে বেনাপোল স্থলবন্দরের শুল্ক কমিশনার আবদুল মান্নান সিকদার বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন খুলনার শুল্ক কমিশনার মহম্মদ হাফিজুর রহমান, রাজশাহীর শুল্ক কমিশনার লুৎফর রহমান, বেনাপোলের যুগ্ম শুল্ক কমিশনার আজিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মহম্মদ কামরুজ্জামান এবং কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের বাণিজ্যসচিব মোহাম্মদ ওমর ফারুক। অন্যদিকে ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন কলকাতার শুল্ক কমিশনার বি কে গোয়েল।বৈঠক সূত্রে জানা গেছে, উভয় পক্ষ সীমান্ত-বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং পণ্য আমদানি-রপ্তানির ব্যাপারে সীমান্ত খোলার সময় নিয়ে বিস্তারিত আলোচনা করে।সেই সঙ্গে আমদানি-রপ্তানিপণ্যের মান পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। বিশেষ করে পণ্যের মান পরীক্ষার পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া সীমান্তের অবকাঠামোর উন্নয়ন, চোরাচালান রোধ ও পাসপোর্টধারী যাত্রীদের শুল্কসংক্রান্ত কাজ যাতে আরও দ্রুত সম্পন্ন করা যায়, সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে বলে জানা গেছে।