শুল্ক ও অশুল্ক বাধা নয়, সমস্যা ব্যবসায়ীদের মানসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা মণি শংকর আয়ার বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা তেমন কোনো সমস্যা নয়। বরং ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন ঘটালে রপ্তানি বাড়বে। তিনি বলেন, ভারত জিডিপির প্রবৃদ্ধির হার নয় শতাংশের ওপরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছয় শতাংশে রয়ে গেছে। তাঁর মতে, বাংলাদেশ যদি উত্তর-পূর্ব ভারতের বাজারে অধিক পণ্য রপ্তানির পাশাপাশি ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেয়, তাহলে প্রতিবছর জিডিপি প্রবৃদ্ধি কমপক্ষে দুই শতাংশ হারে বাড়বে। অন্যদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, উত্তর-পূর্ব ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। তবে নানা ধরনের শুল্ক ও অশুল্ক বাধার কারণে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। তিনি এসব বাধা অপসারণে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।গতকাল সোমবার সফররত ভারতের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআইয়ের নেতাদের এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। সভায় আগামী ছয় মাসের মধ্যে ত্রিপুরায় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তির, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাতলুব আহমাদ প্রমুখ। সভায় ভারতের বিভিন্ন খাতের ৩০ জন ব্যবসায়ী অংশ নেন। মণি শংকর আয়ার বলেন, উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের মূল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় সরকার ২০২০ সালের মধ্যে ৪০ লাখ কোটি রুপি বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু বাংলাদেশের সহযোগিতা ছাড়া ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না।মণি শংকর বলেন, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার হলদিয়া ও অন্যান্য বন্দরের দূরত্ব অনেক। তাই চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করলে এসব রাজ্য উপকৃত হবে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে পণ্য বিক্রি করে বাংলাদেশও প্রচুর পরিমাণ অর্থ আয় করতে পারবে। মণি শংকর আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে যৌথভাবে শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথভাবে নতুন নতুন শিল্প স্থাপন করা হলে পণ্যের বৈচিত্র্য বাড়বে। এতে দুই দেশই লাভবান হবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো যাচ্ছে। ২০০৯-১০ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ সময়কালে) বাংলাদেশ ২৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করে এবং ২৩০ কোটি ডলারের পণ্য আমদানি করে। ভারতে পণ্যের চাহিদা থাকলেও শুল্ক ও অশুল্ক বাধার কারণে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। এ কে আজাদ বলেন, ভারতে বাংলাদেশি পণ্যের বাজার বাড়ানোর ক্ষেত্রে আরেক বাধা ভিসা সমস্যা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর প্রভৃতি দেশ ব্যবসায়ীদের পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিলেও ভারত তা দেয় না। তিনি ভিসা সমস্যা সমাধানে ভারতের সাবেক মন্ত্রীর সহায়তা কামনা করেন। আলোচনায় অংশ নিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তির এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের জন্য ভিসা-প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন। আলোচনায় অংশ নিয়ে ভারতের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এফবিসিসিআইয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০০৭-০৮ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৩০২ কোটি ৪৬ লাখ ডলার। এ সময় বাংলাদেশ প্রায় ৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ভারত থেকে ৩৩৮ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে। আর ২০০৮-০৯ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ২৫৯ কোটি ডলার। এ সময় বাংলাদেশ প্রায় ২৮ কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ভারত থেকে ২৮৬ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে। আর ২০০৯-১০ অর্থবছরে প্রথম নয় মাসে (জুলাই-মার্চ সময়কালে) ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে ২০৬ কোটি ডলার।সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক এম এ মোমেন, আবদুল মুক্তাদির, হোসেন খালেদ, গোলাম মোস্তফা তালুকদার, ওবায়দুর রহমান, শামসুল হক, মনোয়ারা হাকিম আলী, আবদুল হক, নূরুল হুদা মুকুট, জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।