শুল্ক-কর ছাড়াই কাটা হচ্ছে জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমভি সুইফট ক্রো
এমভি সুইফট ক্রো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজের তালিকায় ৩ নম্বরে আছে ‘এমভি সুইফট ক্রো’। উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটি আটকে রাখা হয়েছে বলে তথ্যও দেওয়া আছে। অথচ বাস্তবে জাহাজটির পুরো অস্তিত্ব নেই এখন। সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা ইয়ার্ডে এটি কেটে টুকরো টুকরো করা হচ্ছে।
বন্দর থেকে অনুমতি না নিয়ে এবং কাস্টম হাউসেও শুল্ক-কর পরিশোধ না করেই কাটা হচ্ছিল জাহাজটি। এ ঘটনা জানাজানি হওয়ার পর এখন শুল্ক-কর ও মূসক আদায়ের চেষ্টা করছে সরকারি সংস্থাগুলো। এ লক্ষ্যে গতকাল রোববার জাহাজটি আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তাদের পরিদর্শনে বিষয়টি প্রথম ধরা পড়ে। গত ১৯ নভেম্বর সীতাকুণ্ডের আহমেদ মোস্তফা স্টিল ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে পরিদর্শনের সময় কর্মকর্তারা জাহাজটি কেটে ফেলার দৃশ্য দেখেন।
জানতে চাইলে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের কর্মকর্তা মো. বাবুল ইকবাল গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পরিদর্শনে অনুমোদন ছাড়াই জাহাজ কাটার বিষয়টি নজরে আসার পর উচ্চপর্যায়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।’
জানা গেছে, বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরে যাওয়ার ফলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জাহাজটি কাটার সময় আটক করেন। এ প্রসঙ্গে অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বলেন, ‘শুল্ক-কর পরিশোধ না করে জাহাজটি কেটে ফেলার সময় আটক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস ও ভ্যাট বিভাগ এই জাহাজের আমদানিকারকের বিরুদ্ধে মামলা করবে।’
সংশ্লিষ্ট সূত্রমতে, জাহাজটিতে থাকা লোহার ওজন সাত হাজার ৭৯০ টন। এই হিসাবে কাস্টম হাউস এক কোটি ৫৫ লাখ টাকা শুল্ক-কর পাবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের পাওনা দাঁড়াবে প্রায় ১৫ লাখ টাকা। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষও মাশুল বাবদ তিন লাখ টাকা পাওনা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে জাহাজটি থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা পাওনা রয়েছে সরকারি সংস্থাগুলোর।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি মেরামতের জন্য ২০১১ সালের ২০ জানুয়ারি বন্দরে আনা হয়। কিন্তু জাহাজের মূল মালিকপক্ষের সঙ্গে দেনা-পাওনা নিয়ে হাইকোর্টের অ্যাডমিরালটি স্যুটে ১২টি মামলা হয়। এর মধ্যে ১১টি মামলা নিষ্পত্তি হয়। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হিসেবে নাম লেখা আছে ব্রাদার্স শিপিংয়ের। মূল মালিকের সঙ্গে দেনা-পাওনা নিয়ে তারাও আদালতের শরণাপন্ন হয়।
কাস্টম হাউসের সহকারী কমিশনার নিপুণ চাকমা বলেন, ‘কাগজপত্রে জাহাজটির স্থানীয় প্রতিনিধি হিসেবে ব্রাদার্স শিপিংয়ের নাম আছে। এ কারণে আমরা পাওনা আদায়ের জন্য প্রথম পক্ষ হিসেবে তাদের কাছেই চিঠি দিয়েছি।’
এদিকে ব্রাদার্স শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী আকবর বলেন, ‘জাহাজটির স্থানীয় প্রতিনিধি হিসেবে এখন আমরা নেই। জাহাজটি এখন বিক্রেতার স্থানীয় শিপিং এজেন্ট সিগমা শিপিং লাইনসের কাছে আছে।’
জানা গেছে, পানামার পতাকাবাহী এই জাহাজের মূল মালিক ক্রোয়েশিয়ার একটি প্রতিষ্ঠান। এটাকে ভাড়ায় চালাত সিঙ্গাপুরের দাবা ইন্টারন্যাশনাল। সম্প্রতি মামলা চলার সময় এটি বিক্রির জন্য দুবার নিলামে তোলেন আদালত। কিন্তু বিক্রি হয়নি জাহাজটি। শেষ পর্যন্ত সীতাকুণ্ডের শীতলপুরের শাহেদ শিপ ব্রেকিং ইয়ার্ড জাহাজটি ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে অবস্থিত রিভার ভ্যালি গ্রুপের কাছ থেকে কেনার জন্য ঋণপত্র খোলে। তবে কেনার প্রক্রিয়া শেষ করার আগেই আহমেদ মোস্তফা স্টিল ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এটি কেটে ফেলার কাজ শুরু হয়। জাহাজের সামনের দিকের অংশ কেটে ফেলা হয়েছে।