শুল্ক-করে নানা ছাড় পেল দেশীয় শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় বেশ কিছু শিল্প খাত এখন এমনিতেই শুল্ক ও কর অব্যাহতি সুবিধা পাচ্ছে। কর অবকাশ সুবিধাও পাচ্ছে কয়েকটি শিল্প খাত। আগামী অর্থবছরের জন্য এসব সুবিধার অনেকগুলো যেমন অব্যাহত রেখেছেন অর্থমন্ত্রী, তেমনি নতুন করে আরও কয়েকটি খাতকেও এই সুবিধার আওতায় এনেছেন।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থাপিত বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষায় এমন সব প্রস্তাবই ঠাঁই পেয়েছে।
দেশে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) ও হাই-টেক পার্কের ডেভেলপার এবং এসব অঞ্চল বা পার্কে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।
আবার দেশে গাড়ির চাহিদা দিন দিনই বাড়ছে। বিষয়টি মাথায় রেখে এবং দেশীয় জনশক্তি কাজে লাগিয়ে সহজলভ্য গাড়ি প্রস্তুতের অংশ হিসেবে ভারী শিল্প হিসেবে অটোমোবাইল প্রস্তুত খাতে কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। একই সঙ্গে সংযোগশিল্প হিসেবে নতুন প্রতিষ্ঠিত গাড়ির চাকা (টায়ার) উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে।
কর অবকাশ সুবিধা পাওয়ার তালিকায় রাখা হয়েছে পরিবেশবান্ধব টানেল কিলন পদ্ধতিতে ইট প্রস্তুত ও বাইসাইকেল প্রস্তুতকারী শিল্পকেও।
এ ছাড়া অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী শিল্পগুলো এখন যেসব শুল্ক কর অব্যাহতি সুবিধা পাচ্ছে, আগামী অর্থবছরেও তা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
কৃষি, কৃষিশিল্পে সহায়তা দেওয়ার অংশ হিসেবে কৃষি উপকরণ, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি খাত এখন শুল্ক করসংক্রান্ত যেসব সুবিধা এখন পাচ্ছে, তা আগামী অর্থবছরেও থাকছে।
হাঁস-মুরগি ও গবাদিপশু উপখাতের খাদ্য ও যন্ত্রপাতিতে সরকার এ শিল্পের শুরু থেকেই আমদানি পর্যায়ে শুল্ক ও করে রেয়াত দিয়ে আসছে। এ সুবিধা আগামী অর্থবছরেও অব্যাহত থাকছে। নতুন কয়েকটি পণ্যেও এ সুবিধা আসছে। তবে অর্থমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি।
ওষুধশিল্পকে ‘গর্বের শিল্প’ উল্লেখ করে আগামী বাজেটে এর কাঁচামাল ও উপকরণে শুল্ক রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি কয়েকটি কাঁচামাল ও উপকরণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সুপারিশে শুল্ক রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, তাঁতশিল্প অনেক সংগ্রাম করে টিকে আছে। সে কারণে এ খাতের উন্নয়নে কয়েকটি শর্তে তাঁতি সমিতিকে তাঁদের ব্যবহার করা কয়েকটি উপকরণ আমদানিতে এখন থেকে ৫ শতাংশের বেশি শুল্ক ও মূসক দিতে হবে না। বাকিটা মওকুফ করা হবে।
শুল্ক কর অব্যাহতির সুবিধা অব্যাহত থাকছে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতেও। এর সঙ্গে এ খাতে ব্যবহার করা ক্যামেরা আমদানিতে এখন থেকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আগে দিতে হতো ২৫ শতাংশ শুল্ক। আবার প্রোগ্রামারদের সৃজনশীলতাকে এগিয়ে নিতে তাঁদের তৈরি সফটওয়্যারের সুরক্ষায় ডেটাবেইজ, অপারেটিং সিস্টেম ও ডেভেলপমেন্ট টুলস ছাড়া অন্যান্য সফটওয়্যার আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে হস্তশিল্পের রপ্তানি আয়ও এ বছরের ৩০ জুন পর্যন্ত করমুক্ত রয়েছে। এর মেয়াদ ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
পোলট্রিশিল্পের আয় এ বছরের ৩০ জুন পর্যন্ত করমুক্ত। আবার পোলট্রির খাদ্য, গবাদিপশুর খামার, বীজ, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ, তুঁত চাষ, মৌমাছি চাষ, রেশম চাষ, ছত্রাক চাষ, ফুল ও লতাপাতা চাষের মতো কয়েকটি খাতের আয়ের ওপর ৩ শতাংশ হারে কর আরোপিত আছে। এর মেয়াদও ৩০ জুন শেষ হয়ে যাবে। আবার মাছ চাষের আয় কখনো করমুক্ত, কখনো খুবই কম কর ছিল। সে কারণে অনেকেই এ সুযোগের অপব্যবহার করেছেন বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে মাছ ও হাঁস-মুরগির হ্যাচারিসহ এ-সংক্রান্ত খাতগুলোর আয়ের ওপর তুলনামূলক কম হারে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।