আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ সোমবার। এ উপলক্ষে দেশের শুল্কসংক্রান্ত কাজে কৃতিত্ব প্রদর্শনের জন্য ২০ জনকে ওয়ার্ল্ড কাস্টমস ইউনিয়নের (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট ২০১৫ দেওয়া হবে। এর মধ্যে ১৬ জন শুল্ক কর্মকর্তা ও দুজন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, একজন করে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা।
ওয়ার্ল্ড কাস্টমস ইউনিয়নের (ডব্লিউসিও) সদস্যভুক্ত বিশ্বের ১৭৯টি দেশে আজ দিবসটি পালন করা হবে। বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারি সম্পর্কের আন্তরিক আহ্বান’। ২০০৯ সাল থেকে দিবসটি পালন করছে ডব্লিউসিওভুক্ত দেশগুলো।
দিবসটি পালনের বিস্তারিত জানাতে গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর। এতে বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান, সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন প্রমুখ। এনবিআর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া সকালে রাজস্ব ভবন থেকে একটি শোভাযাত্রাও বের হবে।
রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, ভোমরা, বেনাপোল, যশোর, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লায় সেমিনার, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কীভাবে সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তা উত্তরণে কী করা দরকার তা চিহ্নিতকরণের চেষ্টা চলছে। আশা করি, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হবে।’
নজিবুর রহমান জানান, যাঁরা (কর্মকর্তা-কর্মচারী) ভালো কাজ করবেন, তাঁদের মূল্যায়ন করা হবে। আর যাঁরা কাজ করতে কার্পণ্য বা শৈথিল্য দেখাবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।