শুল্ক জটিলতায় বিক্রি হয়নি স্বর্ণালংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের ভারতীয় পণ্য প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল অলংকার। সম্মেলন কেন্দ্রের আলাদা একটি হলজুড়ে ছিল বিভিন্ন অলংকার ও মণিমুক্তার প্রদর্শনী। এতে অলংকারশিল্পের সঙ্গে জড়িত ভারতের বিখ্যাত অনেক প্রতিষ্ঠান অংশ নেয়। যাদের মধ্যে ছিল হাজরিলাল অ্যান্ড সন্স জুয়েলার্স, শ্রী গণেশ জুয়েলার্স, লি জুয়েলার্স, শ্যামসুন্দর কোম্পানি, আরহাম জুয়েলার্স, ডায়াগোল্ড ও সেনকো গোল্ডসহ আরও অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন নকশার স্বর্ণালংকার দেখতে গতকাল প্রদর্শনীর শেষদিনেও শত শত নারী দর্শনার্থী ভিড় জমান। অনেকে কিনতে আগ্রহী হয়ে ওঠেন। তবে প্রদর্শনী ঘুরে ও আগত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনী থেকে নিজের পছন্দের অলংকার কিনতেই এসে শেষ পর্যন্ত তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে। একইভাবে হতাশা ছিল প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিষ্ঠানগুলোরও। কারণ, শুল্ক-জটিলতায় প্রদর্শনীতে কোনো ধরনের অলংকার বিক্রি হয়নি। এর ফলে বিক্রির ইচ্ছা নিয়ে প্রদর্শনীতে অংশ নিলেও ভারতীয় প্রতিষ্ঠানগুলোর প্রায় সব অলংকারই অবিক্রীত রয়ে যায়। জানা গেছে, আমদানি-পর্যায়ে স্বর্ণালংকারের ওপর ৬০ শতাংশ হারে শুল্ক নির্ধারিত আছে। সেই সঙ্গে রয়েছে মূসক ও অন্যান্য শুল্ক। আর এই শুল্ক আদায়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও ছিলেন সচেষ্ট। কিন্তু কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে রাজস্ব বোর্ডও প্রত্যাশিত রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়।