শুল্ক-মূসকের সব পরিবর্তন ২ জুন থেকেই কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কথা বললেই ৫ শতাংশ সম্পূরক শুল্ক কাটা হচ্ছে। এতে কথা বলায় আগের চেয়ে খরচ বেড়েছে। আগে ৩ শতাংশ হারে সম্পূরক শুল্ক কাটা হতো। ইন্টারনেট ডেটা সেবা নিতে গেলেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর থেকেই এ হারে শুল্ক কাটা শুরু করেছে মুঠোফোন অপারেটররা। ইতিমধ্যে এ বিষয়টি জানিয়ে গ্রাহকদের কাছে খুদে বার্তা পাঠানো হচ্ছে।

কিন্তু গ্রাহকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ রয়েছে। অনেকেই বলছেন, আগামী অর্থবছরের জন্য তৈরি করা বাজেটে এ ধরনের শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তাহলে অর্থবছর শুরু হওয়ার আগে কেন অর্থ কাটা হবে?

আইনানুযায়ী, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত সব পরিবর্তনই বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়। তাই ২ জুন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী শুল্ক, মূসক, সম্পূরক শুল্ক-সংক্রান্ত যেসব পরিবর্তনের প্রস্তাব করেছেন, তা ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), নিয়ন্ত্রণমূলক শুল্কসহ সব ধরনের করারোপের ক্ষেত্রে নতুন শুল্ক বা মূসক হার প্রযোজ্য হবে।

প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্ট, ১৯৩১ সালের ৩ নম্বর ধারা অনুযায়ী, বাজেটের প্রস্তাবসমূহ কার্যকর করা হয়েছে।

প্রতিবছর অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় শুল্ক ও মূসক-সংক্রান্ত যেসব প্রস্তাব করেন, তা এই আইনের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। প্রতিবারই অর্থ বিলে
প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্টের কথা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রস্তাবসমূহ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। অর্থবিলের শেষাংশে কার্যকর করার ঘোষণাটি থাকে।

তবে বাজেটের আয়কর-সংক্রান্ত প্রস্তাবসমূহ জুলাই মাস থেকে কার্যকর করা হয়। কেননা আয়কর বর্ষ শুরু হয় জুলাই মাসে, আর শেষ হয় পরের বছরের জুন মাসে।

শুল্ক-সংক্রান্ত পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর না করা হলে কোনো পণ্যের আমদানি শুল্ক কিংবা সম্পূরক শুল্ক বাড়ানো কিংবা কমানো হলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে পারে। মূসকের পরিবর্তনগুলোও একই কারণে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।