শুল্ক-মূসকের সব পরিবর্তন ৫ জুন থেকেই কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত সব পরিবর্তনই ৫ জুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। এর মানে হলো, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), নিয়ন্ত্রণমূলক শুল্কসহ এ ধরনের রাজস্ব আদায়ের ক্ষেত্রে নতুন শুল্ক বা মূসক হার প্রযোজ্য হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিবছর অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় শুল্ক ও মূসক-সংক্রান্ত যেসব প্রস্তাব করেন, তা এই আইনের মাধ্যমেই তাৎক্ষিণকভাবে কার্যকর করা হয়।এটিই রেওয়াজ।প্রতিবারই অর্থবিলে প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্টের কথা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রস্তাবগুলো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
তবে বাজেটের আয়কর-সংক্রান্ত প্রস্তাবগুলো জুলাই মাস থেকে কার্যকর করা হয়। কেননা, আয়কর বর্ষ শুরু হয় জুলাই মাসে, আর শেষ হয় পরের বছরের জুন মাসে।
শুল্ক-সংক্রান্ত পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর না করা হলে কোনো পণ্যের আমদানি শুল্ক কিংবা সম্পূরক শুল্ক বাড়ানো কিংবা কমানো হলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে পারে। মূসকের পরিবর্তনগুলোও একই কারণে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।