শুল্কবাধা দ্রুত অপসারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। এ জন্য দেশটিকে শুল্ক বাধা দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।সংগঠন দুটির নেতারা বলেন, ১০ বছরের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে মাত্র নয় কোটি ৬০ লাখ মার্কিন ডলার। কিন্তু বিদ্যমান উচ্চ শুল্ক তুলে দিলে পাঁচ বছরে দেশটিতে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানি অন্তত তিন গুণ বাড়বে।অনিল সুকলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার ১২ সদস্যের উচ্চপর্যায়ের সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠকে গতকাল এফবিসিসিআই ও বিকেএমইএর নেতারা এসব কথা বলেন।২০০১ সালে এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল এক কোটি ১৩ লাখ ডলার। গত বছর তা দাঁড়ায় ১০ কোটি ৭২ লাখ ডলারে। সেই হিসাবে বাণিজ্য বেড়েছে নয় কোটি ৬০ লাখ। আবার ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ থেকে নিট পণ্য রপ্তানির প্রবৃদ্ধির হার ছিল ৪২ দশমিক ৬৯ শতাংশ। গত চার বছরে এই প্রবৃদ্ধির হার ২২ শতাংশ।বিকেএমইএর বৈঠক: রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ আয়োজিত বৈঠকে সমিতির নেতৃত্ব দেন সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্তফা কামাল, আল্লামা সিদ্দিকি, মালেকা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিকেএমইএর নেতারা বলেন, বাংলাদেশের কম মূল্যে মানসম্পন্ন পণ্য, শক্তিশালী পশ্চাদমুখী সংযোজন, নিরবচ্ছিন্ন নৌবন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন সুবিধা আছে। এসব সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিট পোশাক আমদানি করতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে।বিকেএমইএর নেতারা বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৬৭ কোটি ডলারের অভ্যন্তরীণ নিট পোশাকের বাজার আছে। চীন দেশটিতে সবচেয়ে বেশি নিট পণ্য রপ্তানি করে। এরপর রয়েছে মরিশাস ও ভারত। বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের লক্ষ্য দেশটিতে নিট পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থানে পৌঁছানো।দুই দেশের বাণিজ্য বাড়াতে বিকেএমইএর নেতারা বিদ্যমান শুল্ক কাঠামো (৫৫ থেকে ৬২ শতাংশ) কমানো বা প্রত্যাহার, ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদান, ব্যাংকিং-সুবিধা নিয়মিতকরণসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এ ছাড়া দীর্ঘ মেয়াদে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থায়ীকরণ ও সহজ শর্তে নিট পোশাক রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানান তাঁরা।বৈঠক শেষে বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি বলেন, ব্যবসায়ীদের ভিসা দেওয়ার ব্যাপারে প্রতিনিধিদল আশ্বাস দিয়েছে। তবে শুল্ক হ্রাসের বিষয়টি তাঁদের কাস্টমস ইউনিয়নের এখতিয়ারভুক্ত বলে তাঁরা জানান।এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক: এফবিসিসিআই আয়োজিত সভায় ব্যবসায়ীরা বলেন, রপ্তানিতে উচ্চ শুল্কহার এবং অশুল্ক বাধার কারণে দক্ষিণ আফ্রিকায় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে না। এসব বাধা দূর হলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজার হতে পারে।এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে অনিল সুকলার বলেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সব সমস্যার সমাধান করা সম্ভব। এ জন্য দ্রুত বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা দূতাবাস স্থাপন করবে। এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।