শুল্কবৈষম্য কমানোর দাবি জাহাজশিল্পের মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে জাহাজ উৎপাদনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্কবৈষম্যের নিরসন চান দেশীয় জাহাজশিল্পের মালিকেরা। প্রতিযোগিতায় টিকে থাকতে এই বৈষম্য দূর করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক-বাজেট আলোচনায় গতকাল মঙ্গলবার শিপ বিল্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সচিব চন্দন চন্দ্র দে। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। বন্ডবিহীন রপ্তানি খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।চন্দন চন্দ্র দে বলেন, অন্য খাতের আমদানিকারকেরা তিন হাজার ডিডব্লিউটি (ডেডওয়েট টন) ক্ষমতাসম্পন্ন জাহাজ আমদানির ক্ষেত্রে যে শুল্কমুক্ত সুবিধা পান, দেশীয় উৎপাদকেরা ছয় হাজার ১০০ ডিডব্লিউটি ক্যাটাগরির উৎপাদন করেও তা পান না। ফলে স্থানীয় শিল্প মার খাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশ ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশনের পরিচালক সাইফুর রহমান বলেন, মাঠপর্যায়ে চিংড়ি কেনার ক্ষেত্রে উৎসে কর প্রত্যাহার করা উচিত।মাছ রপ্তানি ও আমদানিকারক সমিতির নেতা ওয়াদুদ সরকার মাছ রপ্তানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাব করেন।অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হস্তশিল্প উৎপাদক ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধি এস ইউ হায়দার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মীর মনিরুজ্জামান, ইমিটেশন জুয়েলারি ম্যানুফেকচারার এক্সপোর্টার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।এনবিআরের চেয়ারম্যান বিদ্যমান শুল্ককাঠামো যৌক্তিকীকরণ করা হবে বলে আশ্বাস দেন।