শুল্কমুক্ত গাড়ি নিয়ে বিশ্বব্যাংকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত বিদেশিদের শুল্কমুক্ত গাড়ি কেলেঙ্কারি শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। গত বৃহস্পতিবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান স্বাক্ষরিত ব্যাখ্যা–সংবলিত বিবৃতি প্রথম আলোর কাছে পাঠানো হয়।
বিশ্বব্যাংকের ওই ব্যাখ্যায় চিমিয়াও ফান বলেছেন, ‘প্রথম আলোয় প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখিত বিশ্বব্যাংকের তিন কর্মকর্তা ক্রিস্টিনা কাইমস, সালমান জাইদি ও সঞ্জয় কাঠুরিয়া ঢাকা কার্যালয়ে কাজ করেছেন। আমি নিশ্চিত করতে পারি যে, প্রতিবেদনে তাঁদের ব্যবহৃত গাড়ি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা যথার্থ নয়। ঢাকা ত্যাগের আগে ক্রিস্টিনা কাইমস, সালমান জাইদি ও সঞ্জয় কাঠুরিয়া তাঁদের গাড়িগুলো বিশ্বব্যাংকের অন্য কর্মীর কাছে বিক্রির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। দেশের বিদ্যমান আইন অনুযায়ী গাড়িগুলোর নিবন্ধন ও হস্তান্তর হয়েছে। এ–সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র বিশ্বব্যাংক ও এনবিআরে আছে।’
ওই ব্যাখ্যায় অবশ্য বিশ্বব্যাংক বলেছে, শুল্কমুক্ত সুবিধার মেয়াদ উত্তীর্ণ ৩৬টি পাসবই এনবিআরে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। এসব পাসবই ব্যবহারকারী বিদেশি বিশেষজ্ঞ কর্মকর্তারা ঢাকা ছেড়ে গেছেন। ওই কর্মকর্তারা চলে যাওয়ার পর এসব পাসবই কেউ ব্যবহার করেননি। তাই এসব পাসবইয়ের কোনোটির অপব্যবহার হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে ব্যবহৃত তথ্য-উপাত্ত এনবিআরের নথি থেকে নেওয়া হয়েছে। এনবিআরের নথি অনুযায়ী, ক্রিস্টিনা কাইমসের পাসবইয়ের মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। আর সঞ্জয় কাঠুরিয়া ও সালমান জাইদির পাসবইয়ের মেয়াদ শেষ হয়েছে যথাক্রমে ২০১৪ সালের ২৩ জুলাই এবং ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হয়ে গেলেও এ তিনজনের কারও পাসবই এনবিআরে জমা দেওয়া হয়নি।