শুল্কমুক্ত সুবিধা দাবির বাইরেও মনোযোগ দেওয়ার তাগিদ
যুক্তরাষ্ট্রের বাজারে শতভাগ শুল্কমুক্ত ও কোটামুক্তভাবে পণ্য রপ্তানির দাবির মধ্যে বাংলাদেশকে আটকে থাকলেই চলবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বরং জোর দিতে হবে মানব সম্পদ রপ্তানি, পণ্য রপ্তানিতে অশুল্ক বাধা দূরকরণ এবং দোহা উন্নয়ন পর্বের বাইরের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা।আগামী ১৫-১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে গতকাল বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেছেন। রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে ‘দোহা মৃত, ডব্লিউটিও কি জয়ী?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এতে প্রধান অতিথি ছিলেন। ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধিদল জেনেভা যাচ্ছে। সংলাপ সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিশ্ব অর্থনীতি জটিল আকার ধারণ করেছে। ১০ বছর আগে দোহা উন্নয়ন পর্ব শুরু হলেও এখনো তা শেষ হয়নি। দোহা পর্ব ধীরে ধীরে শুধু নিস্তেজ নয়, বরং মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।’ এমন বাস্তবতায় শুধু শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকারের মধ্যে আটকে থাকলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এই চাওয়া এখন রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।’বাংলাদেশকে শুধু এর জন্য অপেক্ষা না করে তিনি সম্মেলনে শুল্কের বাইরের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। ফারুক খান বলেন, দোহা উন্নয়ন পর্বের আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত ডব্লিউটিও থেকে দর-কষাকষির মাধ্যমেই নিজেদের পাওনা আদায় করে নিতে হবে। ‘ডব্লিউটিও মানেই শুধু শুল্কমুক্ত সুবিধা বা হংকং বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন নয়,’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এর বাইরেও অনেক কিছু রয়েছে এবং সেগুলো নিয়েও কথা বলা হবে। ছয় মাস আগেই কমিটি গঠন করে সার্বিক বিষয়ে একটি অবস্থানপত্র তৈরি করা হয়েছে।সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বাজারসুবিধা সব সময়ের জন্যই একটি রাজনৈতিক বিষয়। ডব্লিউটিওতে এ সময় তাই সেবা খাতকে অন্যতম আলোচ্য করা উচিত বলে তিনি মনে করেন।আমীর খসরুর মতে, উন্নত দেশগুলোতে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ শ্রমিক রপ্তানির বিষয়েও সম্মেলনে দর-কষাকষি করতে হবে। নিস্তেজ দোহা পর্বের কারণে আসন্ন সম্মেলনে কোনো চ্যালেঞ্জই দেখছেন না বলে জানান আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। এবার কোনো দর-কষাকষি বা সিদ্ধান্ত হবে না বলে গোটা সম্মেলন নিয়েই তিনি হতাশ। এশিয়ার এলডিসি ও আফ্রিকার এলডিসির মধ্যে সাধারণ স্বার্থসংবলিত (কমন এজেন্ডা) বিষয় তৈরির প্রতি জোর দিয়ে মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের বাজারসুবিধা চাইছে, আফ্রিকার এলডিসিগুলো বরং এর বিরোধিতা করতে পারে।’বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান বলেন, বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আগামী সম্মেলনে তাগিদ দিতে হবে উৎসবিধি সহজকরণের বিষয়ে। অন্যান্যের মধ্যে সাংসদ ফজলুল আজিম, সাবেক দুই রাষ্ট্রদূত তৌফিক আলী ও হুমায়ুন কবির, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মঞ্জুর আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, সাবেক বাণিজ্যসচিব সুহেল আহমেদ চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।