শুল্কমুক্ত-সুবিধার ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি গত বছর অক্টোবর মাসের। সে মাসেই বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা ভারত থেকে প্রায় ৯০ লাখ ডলারে কার্যাদেশ পান। অথচ আগের অর্থবছর ভারতে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল সাড়ে তিন কোটি ডলার। মূলত সেপ্টেম্বর মাসে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরকালে বাংলাদেশকে ৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেন, যার মধ্যে ৪৬টি ছিল বস্ত্র ও পোশাকপণ্য। অর্থাৎ শুল্কমুক্ত বাজারসুবিধা কাজে লাগানোর প্রয়াসের প্রতিফলন দেখা গেছে তাৎক্ষণিকভাবে। আর নভেম্বর মাসে ভারতের বাজারে তামাক ও মাদকজাতীয় পণ্য ছাড়া সব ধরনের পণ্যে শুল্কমুক্তসুবিধা পেয়ে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটানকে শুল্কমুক্ত প্রবেশাধিকারসুবিধা দেয় ভারত।দীর্ঘদিন ধরেই বাংলাদেশ এটি চেয়ে আসছিল। আর তাই এখন এই সুবিধা কীভাবে কতটা কাজে লাগানো যায়, সেদিকেই নজর সবার। বাংলাদেশি ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা অবশ্য এই সুবিধা ঘোষণার পর থেকে সক্রিয় হতে শুরু করেছেন। তাঁরা তাঁদের সামনে বিরাট এক বাজার দেখছেন। তবে এই সুবিধাকে পুরোপুরি অর্থবহ করার জন্য বিভিন্ন ধরনের অশুল্ক বাধা অপসারণের দিকে জোর দিচ্ছেন তাঁরা। সরকারি সূত্রগুলো অবশ্য বলছে, শুল্কমুক্ত প্রবেশাধিকারসুবিধা পাওয়ায় ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়তে শুরু করেছে। রপ্তানি বাড়ছে: সমপ্রতি বছরগুলোয় শুল্কমুক্তসুবিধায় ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। আর শুল্কমুক্তসুবিধার ইতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি ) ভারতে প্রায় ৩৪ কোটি ৬৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৩১ কোটি ৭৯ লাখ ডলারের পণ্য। অর্থাৎ প্রথম আট মাসে রপ্তানি বেড়েছে প্রায় নয় শতাংশ।ইপিবির তথ্যমতে, এই সময়ে তিন কোটি ৭৭ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে দুই কোটি ৮৭ লাখ ডলারের ওভেন পোশাক ও ৯০ লাখ ৩৭ হাজার ডলারের নিট পোশাক রয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০১ শতাংশ হারে। গত অর্থবছরের প্রথম আট মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল এক কোটি ৮৭ লাখ ডলারের পোশাক।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শুল্কমুক্ত প্রবেশাধিকারসুবিধা পাওয়ায় ভারতে বাংলাদেশের একটি বড় বাজার তৈরি হয়েছে। আমরা কেবল এই বাজারে ঢুকছি। চলতি অর্থবছরে এ পর্যন্ত তৈরি পোশাক খাতে দেশটিতে শতভাগের ওপরে রপ্তানি হয়েছে।’ তিনি বলেন, ভারতে বিশাল মধ্যবিত্ত শ্রেণী আছে এবং তাদের ক্রয়ক্ষমতাও ভালো। এদিক থেকে সে দেশে ধীরে ধীরে পণ্য রপ্তানি আরও বাড়বে।জানতে চাইলে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, ‘শুল্কমুক্তসুবিধায় ভারতে বেশি পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সিরামিকস, কাঁচা পাটের সে দেশে ভালো চাহিদা আছে। ভারতের বাজারও বড়।’ শুভাশীষ বসু আরও বলেন, ভারতে তৈরি পোশাক রপ্তানিতে বিশেষভাবে লাভবান হবে এ দেশের ব্যবসায়ীরা। কারণ সে দেশের তৈরি পোশাকের উৎপাদনখরচ আগের চেয়ে বেড়ে গেছে। এ কারণে ভারতের ব্যবসায়ীরা চাইছেন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে সে দেশে বিক্রি করতে।অনেকে আশাবাদি যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর খুব দ্রুত ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়ে যাবে। কেউ কেউ এমনও বলছেন যে এবছরই প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের বার্ষিক রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়াবে।এ প্রসঙ্গে শুভাশীষ বসু বলেন, এটা শুধুই অনুমান। চলতি ২০১১-১২ অর্থবছরের বাকি চার মাসে চেষ্টা করেও ৬৫ কোটি ডলার রপ্তানি সম্ভব হবে না। এটা বাস্তবসম্মত নয়। তবে প্রথাগতভাবে অর্থবছরের শেষ তিন-চার মাসে রপ্তানির পরিমাণ অনেক বেড়ে যায়।অশুল্ক বাধা: ইপিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ দেশের ব্যবসায়ীরা মূলত দুই ধরনের অশুল্ক বাধার মুখে পড়ছেন। প্রথমত, পণ্য পরীক্ষা-নিরীক্ষা। দ্বিতীয়ত, ভিসা জটিলতা। তিনি বলেন, ‘আমাদের দেশে পোশাকের রং পরীক্ষার সনদ দেয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। কিন্তু ভারতে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে। সে ক্ষেত্রে সে দেশের পরীক্ষাগার থেকে আবারও তা পরীক্ষা করে সনদ নিতে হবে। এই প্রক্রিয়া করতে দুই মাসও লেগে যেতে পারে।’বিজিএমইএর সভাপতি বলেন, ‘শুল্কমুক্তসুবিধা পাওয়া গেলেও সামান্য শুল্কগত জটিলতা রয়েই গেছে। সে দেশে আন্তঃপ্রদেশ বাণিজ্য করতে গেলে রাজ্যকরসহ একাধিক কর দিতে হয়। এর কিছু অংশ আমাদের ওপর পড়ছে।’শুভাশীষ বসু বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সবচেয়ে বড় অশুল্ক বাধা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। যেকোনো প্রক্রিয়া সম্পন্ন করতেই অনেক বেশি সময় লেগে যাচ্ছে। রপ্তানি বৃদ্ধির জন্য এটা কমাতে হবে। ভিসা জটিলতা দূর করতে ইপিবির ভাইস-চেয়ারম্যান বাংলাদেশ ও ভারত—দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবের কথা বলেন। এই কমিটি দুই দেশের ভিসাগত জটিলতা দূর করতে কাজ করবে।