অ্যামচেমের মধ্যাহ্নভোজ সভায় ড্যান মজীনা
শুল্কমুক্ত সুবিধার বিষয়টি নতুন কংগ্রেসে তোলার পরামর্শ
আগামী জানুয়ারিতে আমেরিকার নতুন কংগ্রেসের কাছে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি তুলতে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এক দিন পর যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে যে নতুন কংগ্রেস গঠিত হবে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে বলে উল্লেখ করেন মজীনা।রাষ্ট্রদূত জানান, তিনি যদি বাংলাদেশের প্রতিনিধি হতেন, তবে তাঁর কাছে প্রধান বিষয় হতো আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা অর্জন করা।ড্যান মজীনা আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যহ্নভোজ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রোববার এ কথা বলেন। ঢাকার রূপসী বাংলা হোটেলে এই ভোজসভার আয়োজন করা হয়। অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম ভোজসভায় সঞ্চালক ছিলেন।ড্যান মজীনা আরও বলেন, এটা মার্কিন সংসদের অর্থাৎ কংগ্রেসের বিষয়। বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে কংগ্রেসের সদস্যদের কাছে বিষয়টির ব্যাখ্যা তুলে ধরা।মজীনা জানান, তিনি যদি বাংলাদেশি হতেন তবে আগামী নির্বাচনের পর কংগ্রেস সদস্যদের কাছে গিয়ে এই শুল্ক উঠিয়ে দিতে তৎপরতা করতেন।আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশ-সুবিধা পেতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছেন। বাংলাদেশকে এই বাজারে পণ্য বিক্রি করতে যেখানে ১৫ দশমিক ৩০ শতাংশ শুল্ক দিতে হয়, সেখানে কিছু উন্নত ও উন্নয়নশীল দেশ ৪ শতাংশের কম দিয়ে থাকে।রাষ্ট্রদূত বলেন, গত সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে প্রথম অনুষ্ঠিত হয় আমেরিকা-বাংলাদেশ অংশীদারির সংলাপ। এটা ছিল দুই দেশের উচ্চপর্যায়ের একটি অত্যন্ত সাফল্যজনক বৈঠক; যেখানে উন্নয়ন, সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ ধরনের অংশীদারির মাধ্যমে দুই দেশের অগ্রগতি, অগ্রসরমাণ নতুন বাংলাদেশ, মধ্যম আয়ের বাংলাদেশ, সোনার বাংলাদেশ হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।এর আগে সাংবাদিকদের মজীনা জানান, তিনি আশা করেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুঁজে বের করবে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং এটাই বাংলাদেশের সংস্কৃতি। আগামী বছরের শেষে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান দলগুলোর মধ্যে বিশেষত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধ রয়েছে।নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ান আহসান নাফিসের বিষয়ে কথা বলেন মজীনা। রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, তিনি যতটুকু জানেন তাতে নাফিসকে আটক রাখা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো কিছু বিষয় রয়েছে। তবে তার আইনগত সহায়তা নেওয়ার সুযোগ আছে, যে পথে সে বেরিয়ে আসতে পারে।