শুল্কসুবিধা কাজে লাগিয়ে ভারতে বাণিজ্য বৃদ্ধি সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশুল্ক ও আধাশুল্ক বাধার কারণে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। তবে সমপ্রতি ভারত যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে, সেটা কাজে লাগিয়ে বাণিজ্য বাড়ানো সম্ভব।বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক ক্রেতা-বিক্রেতা বৈঠকে ব্যবসায়ীরা এ মত দেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারতের কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড প্রডাক্টস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ক্যাপেক্সেল) গতকাল সোমবার ঢাকা চেম্বার মিলনায়তনে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। ভারতের ১৩ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বৈঠকে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রধান অতিথি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব বি সায়াম বিশেষ অতিথি ছিলেন।এ কে আজাদ এ দেশের ব্যবসায়ীদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, দুই দেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানান।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, অশুল্ক বাধা এবং আধাশুল্ক ব্যবস্থাপনার কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। ভারতের ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ভারতীয় প্রতিনিধিদলের নেতা সি আর ভট্টাচার্য বলেন, ক্রেতা-বিক্রেতা বৈঠক দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।