শুল্কহার পুনর্বিন্যাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আমদানি শুল্কহারের স্তর পুনর্বিন্যাসের সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। প্রস্তাবিত আমদানি শুল্কহার হলো-মূলধনি যন্ত্রপাতিতে দেড় শতাংশ, মৌলিক কাঁচামালে আড়াই শতাংশ, মধ্যবর্তী কাঁচামালে সাড়ে ৭ শতাংশ এবং প্রস্তুত পণ্যে ২০ শতাংশ। বর্তমানে এই হার যথাক্রমে ৩ শতাংশ, ৫ শতাংশ, ১২ শতাংশ ও ২৫ শতাংশ। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআইয়ের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এমসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি রোকেয়া আফজাল রহমান। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। এমসিসিআইয়ের পক্ষ থেকে ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রস্তাবগুলো হলো, সাধারণ করদাতাদের জন্য দুই লাখ ৫০ হাজার টাকা, নারী ও বয়স্ক নাগরিকদের তিন লাখ টাকা এবং প্রতিবন্ধীদের জন্য তিন লাখ ২৫ হাজার টাকা। এমসিসিআইয়ের যুক্তি হলো, প্রায় সব পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে জীবনধারণের ব্যয় অনেক গুণ বেড়েছে। তাই মানুষের দুর্দশাও বেড়েছে। আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক)—এই তিন খাতে মোট ৭৩টি সুপারিশ করেছে এমসিসিআই। আয়কর: এমসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়েছে, স্বেচ্ছাপ্রণোদিতভাবে প্রকাশিত আয় কিছু ক্ষেত্রে বিনিয়োগ করা যায়। কিন্তু করদাতাদের ক্ষেত্রে এই আয় বিনিয়োগ-ভাতা অনুমোদন দেওয়া হবে কি না, পরিষ্কার নয়। সে ক্ষেত্রে এ ধরনের আয় বিনিয়োগ করলে ভাতা দেওয়ার সুযোগ প্রদানের দাবি জানিয়েছে এমসিসিআই। অর্থাৎ অপ্রদর্শিত আয় স্বেচ্ছায় বিনিয়োগ করলে তাতে আয়কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।প্রসঙ্গত, বর্তমানে প্রদর্শিত বৈধ আয় বিনিয়োগ করলে আয়ের ২৫ শতাংশ বা এক কোটি টাকা বিনিয়োগ করলে ১০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পাওয়া যায়। এ ছাড়া ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক সর্বোচ্চ টার্নওভারসীমা ৩০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়। বর্তমানে এই সীমা ২৪ লাখ টাকা।এ ছাড়া বস্ত্র, পাট, হস্তশিল্প, নতুন শিল্প, নতুন ভৌত-অবকাঠামো, হাঁস-মুরগির খামার, মৎস্য ও গবাদিপশুর খামারের ওপর ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়।সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে (সিএসআর) কোম্পানির মোট আয়ের ২০ শতাংশ হিসেবে আট কোটি টাকা টাকা পর্যন্ত ১০ শতাংশ কর রেয়াতের সুবিধা রয়েছে। ব্যক্তির সিএসআরের ক্ষেত্রে এর সীমা এক কোটি টাকা। এই সিএসআরের বিনিয়োগসীমা প্রত্যাহারের দাবি জানিয়েছে এমসিসিআই। শুল্ক: শুল্কহার পুনর্বিন্যাসের পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তাব করেছে এমসিসিআই। যেসব পণ্য রপ্তানিকারক বিনা মূল্যে (ফ্রি রিপ্লেসমেন্ট) সরবরাহ করে তার ওপর শুল্ককর মওকুফের দাবি জানিয়েছে এমসিসিআই। পুনঃ শুল্কায়নের জন্য মেয়াদ তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।মূসক: ইস্যুকৃত সব ধরনের মূসক চালানপত্র (মূসক-১১) পাঁচ কার্যদিবসের মধ্যে মূসক দপ্তরে জমার বাধ্যবাধকতার পরিবর্তে মাসিক ভিত্তিতে দাখিলের প্রস্তাব করেছে এমসিসিআই। এ ছাড়া বিমা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি সেবার ওপর প্রদত্ত মূসক ১০০ শতাংশ উপকরণ কর হিসেবে রেয়াত গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে এমসিসিআই। আলোচনা: এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, ‘আগামী বাজেট প্রণয়নের সময় নির্বাচনী বছর ও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যের প্রভাবসমূহ বিবেচনায় আনতে হবে। আশা করি, আগামী বাজেটে শিল্প ও কৃষি খাতের জন্য গুচ্ছ সুবিধা থাকবে।’ এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস উদ দৌলা বলেন, সামগ্রিকভাবে এ দেশে করভার বেশি। এটি কমানো উচিত। এমসিসিআই প্রতিনিধি আবদুল খালেক বলেন, সম্পদের ওপর সারচার্জ থাকলেও অনেকেই ধর্মীয় অনুশাসনের কারণে জাকাত দেন। এতে করদাতাদের ওপর দ্বৈত করারোপের শামিল। তিনি সারচার্জ প্রত্যাহারের সুপারিশ করেন। এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে বর্তমান আমলের রাজস্ব আদায়ব্যবস্থা সম্পর্কে একটি মূল্যায়ন থাকবে। এর পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য দিকনির্দেশনাও থাকবে।