শুল্কায়নে পিএসআই পদ্ধতি থাকছেই
১১ বছর পরও আমদানিপণ্যের প্রাক-জাহাজীকরণ (পিএসআই) প্রথা শেষ করা যাচ্ছে না। দুই দফায় মেয়াদ শেষের পর আবারও নতুন পিএসআই কোম্পানি নিয়োগের তোড়জোড় শুরু করেছে সরকার।পণ্য আমদানিকালে প্রকৃত আন্তর্জাতিক বাজারদর নির্ণয়ে পিএসআই কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি শুল্ক কর্মকর্তারাও পণ্যের দর নির্ণয়ে দক্ষ হয়ে উঠবেন—এমন লক্ষ্য রেখেই এই প্রথা চালু করা হয়েছিল।হাতেগোনা কিছু পণ্য ছাড়া বর্তমানে চার হাজার ২৮৫টি পণ্যে পিএসআই করা বাধ্যতামূলক। পিএসআই প্রথা তুলে দেওয়া হবে—বিভিন্ন সরকারের অর্থমন্ত্রীরা এ কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর করা হয়নি।এ প্রসঙ্গে জানতে চাইলে গত শনিবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে বলেন, ‘পিএসআই প্রথা আছে, থাকবে। এখনো কাস্টমস কর্মকর্তারা নিজেরাই পিএসআই করার সক্ষমতা অর্জন করতে সমর্থ হননি।’পিএসআই কোম্পানির দুর্নীতির বিষয়টি স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি সব জায়গায় আছে। পিএসআই ব্যবস্থায়ও দুর্নীতি আছে। আমরা দুর্নীতি প্রতিরোধের বিষয়টি দেখছি।’নতুন কোম্পানি নিয়োগের তোড়জোড়: গত অক্টোবর মাসে দুই বছরের জন্য এজেন্সি পেতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাইয়ের পর আগ্রহী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস লিমিটেড (আইটিএস), ব্যুরো ভেরিটাস লিমিটেড (বিভাক), এসজিএস, ওমিক ও বাল্টিক কন্ট্রোল লিমিটেড—এই পাঁচ প্রতিষ্ঠান রাখা হয়। এসব প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব নিয়ে সর্বশেষ গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) এনবিআরে বৈঠক হয়। এতে মান উত্তীর্ণ হতে না পারায় বাল্টিক কন্ট্রোল লিমিটেডকে বাদ দেওয়া হয়। ফলে পাঁচটি ব্লকের জন্য থাকল চারটি প্রতিষ্ঠান। এখনো এই চারটি প্রতিষ্ঠানই কাজ করছে।এ প্রসঙ্গে এনবিআরের সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ প্রথম আলোকে জানান, আগামী মার্চ মাসের মধ্যে পিএসআই প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত করা হবে। পিএসআই কোম্পানি নিয়োগের আগে অনুমোদনের জন্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় উঠবে। অনুমোদনের পরপরই এনবিআর কোম্পানি নিয়োগ দেবে।তবে নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কাস্টমস কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিএসআই প্রথা থাকায় ওয়ার্ল্ড কাস্টমস ইউনিয়নে বার্কিনা ফাসো, বুরুন্ডির মতো দেশের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। অথচ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি এসব দেশের চেয়ে অনেক ভালো। এ ছাড়া পিএসআই কোম্পানিগুলো দুর্নীতি করলেও ব্যবস্থা নেওয়া যায় না, ‘ওপরের’ চাপ থাকে।জানা গেছে, কাস্টম বিভাগ আমদানিপণ্যের প্রকৃত মূল্য নির্ণয়ে একটি ডেটাবেইজ তৈরি করছে। এই চালু করা গেলে পণ্যের প্রকৃত মূল্য বের করা সম্ভব হবে বলে দাবি করছেন শুল্ক কর্মকর্তারা। আর চট্টগ্রাম বন্দরে স্থাপিত দুটি স্ক্যানার দিয়েও ঘোষিত পণ্য আসছে কি না, তা মূল্যায়ন করা সম্ভব।১১ বছরেও নিয়োগ হয়নি অডিট কোম্পানি: পিএসআই কোম্পানিগুলোর আর্থিক বিষয়াবলি সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য অডিট কোম্পানি নিয়োগ দেওয়ার কথা ছিল। প্রি-শিপমেন্ট বিধিমালার ৩০ ধারায় অডিট কোম্পানির মাধ্যমে পিএসআই কোম্পানির অডিট কার্যক্রম পরিদর্শন ও জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।কিন্তু ১১ বছর পার হলেও অডিট কোম্পানি নিয়োগ দিতে পারেনি এনবিআর। ২০০৮ সালে অডিট কোম্পানি নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ন্যাশনাল মেরিন কনসালট্যান্ট নামের একটি অডিট কোম্পানি নির্বাচন করা হলেও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গত জানুয়ারি মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যানকে অডিট কোম্পানি নিয়োগের জন্য তাগিদ দিয়ে চিঠি দেন।এ প্রসঙ্গে হুসেইন আহমেদ প্রথম আলোকে জানান, সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালার (পিপিআর) সঙ্গে সামঞ্জস্য রেখে অডিট প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। তাই পিপিআরের সঙ্গে সংগতিপূর্ণ রাখতে কিছু নিয়োগের শর্তে কিছু সংশোধনী আনতে হচ্ছে। এ জন্য অডিট প্রতিষ্ঠান নিয়োগে বিলম্ব হচ্ছে।বছরে হাজার কোটি টাকা পরিশোধ: পণ্যের আমদানিমূল্য ১০০ টাকা হলে পিএসআই ফি বাবদ ৪৮ পয়সা দিতে হয় পিএসআই কোম্পানিগুলোকে।এনবিআর সূত্রে জানা গেছে, প্রথম চার বছরে চার লাখ ১৮ হাজার ৯৮৮টি সিআরএফের বিপরীতে পিএসআই কোম্পানিগুলোকে ৩১২ কোটি টাকা দিতে হয়েছে। তবে পণ্যের আমদানিমূল্য ও পরিমাণ বেড়ে যাওয়ায় এখন বছরে এক হাজার কোটি টাকার বেশি পরিশোধ করতে হয়।পিএসআই প্রথা সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘এ দেশে এক অদ্ভুত পরিস্থিতি। বিদেশি প্রতিষ্ঠান দিয়ে আমদানি পণ্যের দর নির্ণয় করানো হচ্ছে। ভারতেও পিএসআই প্রথা নেই। কীভাবে বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই আন্তর্জাতিক বাজারের পণ্যের প্রকৃত দর নির্ণয় করা যায়, সেই উদ্যোগ নেওয়া উচিত। পিএসআই কখনো স্থায়ী সমাধান হতে পারে না।’ তিনি আরও জানান, পিএসআই কোম্পানিগুলোকে দিয়ে এনবিআরের সক্ষমতা অর্জনের চেষ্টা করা হয়নি। পিএসআই কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, ঢালাওভাবে সব পণ্যের পিএসআই প্রথা চালু রাখা ঠিক হবে না। যেসব পণ্যে কম মূল্য দেখিয়ে আমদানি করে স্থানীয় শিল্পকে ধ্বংস করা হচ্ছে, সেসব পণ্যে পিএসআই প্রথা বাতিল করা দরকার। তিনি আরও বলেন, পিএসআই কোম্পানিগুলোর হয়রানি আছে। তবে কাস্টম বিভাগ এখনো পিএসআই কাজে প্রস্তুত হতে পারেনি। তাই এখনই পিএসআই প্রথা বাতিল করা ঠিক হবে না।পিএসআই কোম্পানির দরকার কতটা: পিএসআই কোম্পানি নিয়োগে শর্ত ছিল কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা অর্জনে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেবে। কিন্তু এসব প্রশিক্ষণ কর্মসূচিগুলো মূলত ‘বিনোদন ভ্রমণ’ ছিল বলে অভিযোগ রয়েছে।এ ছাড়া পিএসআই প্রথা চালুর সময় আমদানিপণ্যের প্রকৃত মূল্য অনুযায়ী শুল্কায়ন হবে এবং রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হয়েছিল। কিন্তু বিশ্বায়নের প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্তানুযায়ী, প্রত্যক্ষ কর আদায়কেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গত কয়েক বছরে আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা শুল্ক খাতের প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি। আর এই প্রবৃদ্ধি হয়েছে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধিজনিত কারণে।এ ছাড়া পিএসআই করার সময় সার্ভিস চাজ হিসেবে আমদানিমূল্যের ১ শতাংশ হারে নেওয়া হয়, যা পরোক্ষভাবে ভোক্তার কাছ থেকে আদায় করা হয়। এতে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।দুর্নীতির খণ্ডচিত্র: পিএসআই কোম্পানিগুলোর বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে হামার গাড়ি আমদানিতে রাজস্ব ফাঁকিতে সহায়তা। এ জন্য কোটেকনা নামের একটি পিএসআই কোম্পানির লাইসেন্স বাতিল হয়। ২০০৬ সালের আমদানিকারক প্রতিষ্ঠান অটো মিউজিয়াম কর্তৃক থাইল্যান্ড থেকে একটি হামার গাড়ি আমদানি করা হয়। সাড়ে ১৮ হাজার মার্কিন ডলার মূল্য দেখিয়ে শুল্কায়ন করা হয়। কিন্তু এনবিআর খোঁজ নিয়ে দেখে, একই মডেলের একটি হামার গাড়ির প্রকৃত দাম (চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে ব্যয়সহ) প্রায় ৩৫ হাজার ৭১৫ ডলার। অর্ধেক মূল্যের ওপর শুল্কায়ন করা হয়, ফাঁকি দেওয়া হয় প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব। এ ছাড়া প্রকৃত মূল্যের বাকি অর্থ হুন্ডিতে পাঠানো হয়।পিএসআই কোম্পানিগুলোর বিরুদ্ধে নিম্নমানের পণ্য আমদানি করে তা স্থানীয় বাজারে বিখ্যাত ব্র্যান্ডের নামে চালানোর প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণও রয়েছে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে বিখ্যাত সুপার গ্লু তৈরির প্রতিষ্ঠান এলটেকো কেমিক্যাল পিটিই লিমিটেড তাদের পণ্য নকল করে এ দেশে বাজারজাত করা হচ্ছে বলে কাস্টম বিভাগের কাছে অভিযোগ করে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) জেনেভার রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিসেও (রাইলো) একই অভিযোগ করে প্রতিষ্ঠানটি।কাস্টম বিভাগের তদন্তে দেখা গেছে, মেসার্স মাল্টি বন্ড ইনক নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে নিম্নমানের সুপার গ্লু আমদানি করে নিউ এলটেকো নামে স্থানীয়ভাবে বাজারজাত করছে। ব্যুরো ভেরিটাস চীন থেকে আসা এসব চালানের বিপরীতে ক্লিন রিপোর্ট অব ফাইন্ডিংস (সিআরএফ) দিয়েছে। তবে অভিযোগ পাওয়ার পর যে চালানটি আসে, তাতে নন-নেগোশিয়েটেবল রিপোর্ট অব ফাইন্ডিংস (এনএনআরএফ) দিয়েছিল ব্যুরো ভেরিটাস।পিএসআই কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘আন্ডার ইনভয়েসে’ও সহায়তার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের তদন্ত অনুযায়ী, একটি নামজাদা শিল্পগোষ্ঠীর বিলাসবহুল মার্কেট তৈরির সময় বিল্ডিং মেটেরিয়াল আমদানি করতে গিয়ে ৫৫ লাখ ৮২ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ‘আন্ডার ইনভয়েস’ করা হয়েছে।২০০৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত চীন থেকে আসা এসব মালামাল কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) দিয়ে খালাস হয়েছে। আলোচ্য সময়ে ৩৯টি চালান কম মূল্য দেখিয়ে সংশ্লিষ্ট আমদানিকারক পিএসআই কোম্পানির কাছ থেকে ক্লিন রিপোর্ট অব ফাইন্ডিংসও (সিআরএফ) বা প্রত্যয়নপত্র নিয়ে নিয়েছে।কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারককে শুল্ক ফাঁকিতে সহায়তা করতে পণ্যমূল্য অবিশ্বাস্য রকমের কম দেখানো হয়, যা বাজারমূল্যের সঙ্গে আকাশ-পাতাল তফাত। বিশেষ করে, থাইল্যান্ড কিংবা চীন থেকে আসা শিশুদের দুধের বোতল (ফিডার) বাজারে বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ এসব বোতলের সিআরএফ দেওয়া হয় আমদানিমূল্য বড়জোর দুই-তিন টাকা ধরে।পিএসআইয়ের পটভূমি: দাতাদের চাপে ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দেশে প্রথমবারের মতো পিএসআই প্রথা চালু করা হয়। সে সময় ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস (আইটিএস) লিমিটেড, ব্যুরো ভেরিটাস ও ইন্সক্ট্রোরেট গ্রিফিথ—এই তিনটি পিএসআই কোম্পানিকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। পরে ২০০৫ সালের আগস্ট মাসে ব্যুরো ভেরিটাস, কোটেকনা, ইন্টারটেক ও এসজিএস—এই মোট চারটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছিল।গত ১১ বছরে মাত্র দুবার (২০০০ ও ২০০৫ সাল) দরপত্র আহ্বান করে পিএসআই কোম্পানিকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। বাকি সাত বছর নির্বাহী আদেশে এক বছর করে মেয়াদ বাড়ানো হয়েছে।