আগামী বাজেটে বাস্তবায়নের জন্য চশমাশিল্প ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমিতির সভাপতি মঞ্জুরুল হক সিকদার এসব বিষয়ে বিস্তারিত বলেছেন। মঞ্জুরুল হক বলেন, চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে দুটি এইচএস কোডে আমদানিকৃত ধাতব ও প্লাস্টিক ফ্রেমের শুল্কায়নের ভিত্তিমূল্য অত্যধিক নির্ধারণ করা হয়। এর উদ্দেশ্য ছিল সরকারের রাজস্ব বাড়ানো, প্রকৃত আমদানিকারককে উৎসাহ ও ঝামেলামুক্তভাবে চশমার ফ্রেমের শুল্কায়ন করা। মঞ্জুরুল হক দাবি করেন, শুল্কায়নের ভিত্তিমূল্য বেশি হওয়ায় এই দুটি পণ্য বেশির ভাগ ক্ষেত্রেই বৈধ পথে আমদানি হচ্ছে না। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে প্রকৃত আমদানিকারকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য সমিতির পক্ষ থেকে আগামী বাজেটে প্রতি পিস প্লাস্টিক ফ্রেমে বর্তমানের ৬০ সেন্টের শুল্কায়ন ভিত্তিমূল্য কমিয়ে ৩০ সেন্ট, মেটাল ফ্রেমে ৯০ সেন্ট থেকে কমিয়ে ৪০ সেন্ট করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি সানগ্লাসের ক্ষেত্রে শুল্কায়নের ভিত্তিমূল্য ৫০ সেন্ট থেকে কমিয়ে ২০ সেন্ট ও রিডিং ফ্রেমের ক্ষেত্রে ৬০ সেন্ট থেকে কমিয়ে ৩০ সেন্ট করার দাবি জানান। এ ছাড়া সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে শূন্যতে নিয়ে আসারও দাবি জানান তিনি। মঞ্জুরুল হক আরও বলেন, বিদেশ থেকে আমদানি করা চশমার ফ্রেমের জন্য বাজেটে শুল্কায়নের ভিত্তিমূল্য আছে। কিন্তু দেশে উৎপাদিত চশমার ফ্রেমের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা নেই। এ কারণে দেশি ফ্রেমে শুল্ক ও কর বেশি দিতে হয়। ফলে পণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় পড়ে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য দেশি শিল্পের বিকাশের জন্য আগামী বাজেটে প্রতি পিস প্লাস্টিক ফ্রেমে ২৫ টাকা ৩২ পয়সা, এবং মেটাল ফ্রেম, সানগ্লাস ও রিডিং ফ্রেমের ক্ষেত্রে ১৬ টাকা ৮৮ পয়সা করার দাবি জানান তিনি। চশমাশিল্প ও বণিক সমিতির এসব দাবি বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরা হয়রানির শিকার হবেন না এবং অবৈধ ব্যবসা বন্ধ হবে বলে মন্তব্য করেন মঞ্জুরুল হক।