মানুষের আর্থিক সক্ষমতা দিন দিন বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে গাড়ির চাহিদা। এই অবস্থায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে গ্রাহকদের গাড়ি কেনার ঋণ দিতে। সব মিলিয়ে গাড়িকেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়ের বিকাশ ঘটছে। গাড়ি নিয়ে আজকের এই বিশেষ আয়োজন
শুল্কের সাতকাহন
ছোটবেলায় কমবেশি সবাই পড়েছেন—লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এভাবে প্রত্যেক বাঙালির শৈশবেই গাড়ির স্বপ্ন অজান্তেই ঢুকে পড়ে। আর নিজের একটি গাড়ির স্বপ্ন বাংলাদেশের প্রায় সব মধ্যবিত্ত পরিবারের থাকে। কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে বড় ফারাক থাকায় স্বপ্ন বাস্তবায়িত যেন হতে চায় না। নতুন গাড়ি কেনার সাধ্য না থাকলে অনেকেই রিকন্ডিশন্ড কিংবা ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকে পড়েন।
বাংলাদেশে নতুন ও পুরোনো—দুই ধরনের মোটরগাড়ি বিক্রি হয়। নতুন গাড়ির দাম বেশি। আর পুরোনো গাড়ি বা রিকন্ডিশন্ড গাড়ির দাম কম। তবে রিকন্ডিশন্ড গাড়ির ইঞ্জিন যেহেতু আগে কয়েক বছর ব্যবহৃত হয়েছে, তাই গাড়ি বা ইঞ্জিনের জীবনচক্রও কিছুটা কম থাকে।
আমদানি পর্যায়ে সম্পূরক শুল্কের কারণেই মূলত গাড়ির দামের ওঠা-নামা করে। এ ছাড়া ইঞ্জিনের ক্ষমতা বা সিসি যত বেশি, সেই গাড়ির ওপর সম্পূরক শুল্ক হার তত বেশি। আবার রিকন্ডিশন্ড গাড়ি বা পুরোনো গাড়ি আমদানিমূল্য কম দেখিয়ে বা অবচয়-সুবিধা দিয়ে নির্ধারিত শুল্ক আরোপ করা হয়। তাই সম্পূরক শুল্কের ভারও কিছুটা কম হয়। হাইব্রিড গাড়ি আনতে উৎসাহ দেওয়ার জন্য সম্পূরক শুল্ক হারও কিছুটা কম ধার্য করা হচ্ছে।
শুল্ক-কর কীভাবে নির্ধারণ করা হয়—এ প্রশ্নের উত্তর মিলবে সহজেই। নতুন ও পুরোনো গাড়ি আমদানি করার সময় ২৫ শতাংশ আমদানি শুল্ক, সিসি ভেদে সম্পূরক শুল্ক (১৫ থেকে ২৫০ শতাংশ), ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ৫ শতাংশ অগ্রিম কর, ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৪ শতাংশ অগ্রিম ব্যবসায় মূসক (এটিভি) দিতে হয়।
তবে রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ির আমদানির ক্ষেত্রে অ্যাসেসবেল ভ্যালু বা শুল্ক কর্মকর্তা কর্তৃক নির্ধারিত মূল্য কম ধরা হয়। একে সহজ ভাষায় ট্যারিফ মূল্য ধরা যেতে পারে। যত বেশি পুরোনো গাড়ি আমদানি করা হয়, ওই গাড়ির আমদানিমূল্যও কম ধরা হয়। একে অবচয়-সুবিধা বলে। বাংলাদেশের পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যায় না। ছয় মাস থেকে এক বছরের জন্য ১৫ শতাংশ, ১-২ বছরের জন্য ২৫ শতাংশ, ২-৩ বছরের জন্য ৩৫ শতাংশ, ৩-৪ বছরের জন্য ৪০ শতাংশ এবং ৪-৫ বছরের জন্য ৪৫ শতাংশ অবচয়-সুবিধা পাওয়া যায়। অর্থাৎ, আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির আমদানিমূল্য যদি ১০০ টাকা হয়, আর সেই গাড়ি যদি তিন বছরের পুরোনো হয়; তবে সেই গাড়ির ট্যারিফ ভ্যালু ধরতে হবে ৬৫ টাকা। আর আমদানি শুল্ক, সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক-কর বসবে ৬৫ টাকা ধরে। তাই রিকন্ডিশন্ড গাড়ির দামের প্রতিযোগিতায় এগিয়ে যায়। নতুন গাড়ির চেয়ে দাম কম হয়।
সম্পূরক শুল্ক হার: রিকন্ডিশন্ড কিংবা নতুন, যা-ই হোক না কেন; ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির ওপর ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বসে। তবে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এ হার ৩০ শতাংশ। ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ সম্পূরক শুল্ক; তবে হাইব্রিড গাড়িতে এ হার ৬০ শতাংশ। ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপ করা আছে ২০০ শতাংশ এবং হাইব্রিড গাড়িতে ১৫০ শতাংশ। ২৭৫১ থেকে ৪ হাজার সিসি পর্যন্ত সম্পূরক শুল্কের হার নতুন ও রিকন্ডিশন্ড গাড়িতে ৩৫০ শতাংশ এবং হাইব্রিড গাড়িতে ৩০০ শতাংশ। আর চার হাজার সিসির বেশি সব ধরনের গাড়ির ওপর সম্পূরক শুল্ক ৫০০ শতাংশ।