শৃঙ্খলা আনার জোর প্রচেষ্টায় বিমা খাতে বড় ঝাঁকুনি
দেশের আর্থিক খাতের মধ্যে তুলনামূলকভাবে উপেক্ষিত হলো বিমা খাত। ব্যাংক খাতে যেভাবে মনোযোগ দেওয়া হয়েছে, বিমা খাত সে রকম মনোযোগ ও নজরদারি পায়নি বললেই চলে। ফলে এক ধরনের নিয়ন্ত্রণহীনতা ও বিশৃঙ্খলার মধ্য দিয়েই বিকশিত হয়েছে বিমা খাত। অথচ অর্থনৈতিক উন্নয়নের অভিযাত্রায় আর্থিক খাতকে সুসংহত করতে হলে বিমা খাতকেও শক্তিশালী করা প্রয়োজন।সেই বিবেচনা থেকেই স্বতন্ত্রভাবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়েছে ২০১০ সালের মার্চে। তবে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ-প্রক্রিয়ার দেরির কারণে সংস্থাটির কার্যক্রম শুরু হয় আইন পাস হওয়ারও ১০ মাস পর, অর্থাৎ ২০১১ সালের জানুয়ারি থেকে। আইডিআরএ গঠনের পাশাপাশি ৭০ বছরের পুরোনো বিমা আইনও যুগোপযোগী করা হয়। স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায় বিমা অধিদপ্তর, যে অধিদপ্তরে প্রধান বিমা নিয়ন্ত্রক হতেন বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো যুগ্ম বা অতিরিক্ত সচিব। প্রথমবারের মতো বিমা খাত তদারকিতে নিয়োগ পেলেন বিমার ওপর বিশ্বখ্যাত ‘অ্যাকচ্যুয়ারি’ ডিগ্রিধারী এম. শেফাক আহমেদ। ২০০৮ সালের নভেম্বরে বিমা খাতকে বাণিজ্য থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসে গত তত্ত্বাবধায়ক সরকার।শুরু থেকেই নানামুখী সংস্কারমূলক কাজে হাত দিয়েছে আইডিআরএ। বিমা ও পুনর্বিমা ব্যবসাসংক্রান্ত পেশাদার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিমাকারী, পুনর্বিমাকারী, মধ্যস্থতাকারীদের (এজেন্ট) নিবন্ধন ও সনদ দেওয়া এবং নিবন্ধনের নবায়ন, সংশোধন, প্রত্যাহার, স্থগিত বা বাতিল করা এই সংস্থার কাজ। এরই মধ্যে সাফল্য পেয়েছে সংস্থাটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মাসে এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেছিলেন, ‘অনেকেই বলছেন, সরকারের অনেক ভালো কাজের মধ্যে নতুন বিমা আইন প্রণয়ন ও আইডিআরএ গঠন অন্যতম একটি ভালো কাজ।’ তিনি আরও বলেন, সংস্থাটি কাজও করছে ভালো। তবে কতিপয় দুষ্ট লোক পিছিয়ে থাকা বিমা খাতকে পিছিয়েই রাখতে তৎপর। তবে সেই তৎপরতায় তারা সফল হবে না বলে তিনি মনে করেন। বহু বছরের অনিয়ম-দুর্নীতি দূর করতে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সংস্থাটিকে এগোতে হয়েছে। বহু বছর ধরে যেভাবে চলছিল, সেভাবে আর চলতে না দেওয়ায় একশ্রেণীর সুবিধাভোগী এককাট্টা হয়েছে আইডিআরএর বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে। তবে সবকিছু ছাপিয়েই গোটা বিমা খাতকে বড় ধরনের ঝাঁকুনি দিতে সক্ষম হয়েছে আইডিআরএ। আসলে ১৫ কোটি মানুষের এই দেশে অর্থনীতি যখন গড়ে প্রতিবছর ৬ বা সাড়ে ৬ শতাংশ হারে বাড়ছে, ব্যবসা-বাণিজ্যে বাড়ছে বৈচিত্র্য, তখন বিমা খাতের পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই। কিন্তু আন্তর্জাতিক মাপকাঠিতে তুলনা করলে, বাংলাদেশের বিমা খাত এখনো অনেক পিছিয়ে। প্রিমিয়ামের মানদণ্ডে বিশ্ব বিমা বাজারে বাংলাদেশের অবস্থান ৭৫তম, যেখানে প্রতিবেশী ভারত একাদশ অবস্থানে রয়েছে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের ৫ দশমিক ১০ শতাংশ। চীনের ৮ দশমিক ১০ শতাংশ। বাংলাদেশের বিমা খাত এখনো ১ শতাংশই অবদান রাখতে সক্ষম হয়নি। এটি অবশ্য ২০১০ সালের পরিসংখ্যান। দুই বছরে বড় ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে, এমনটি ভাবার কোনো কারণ নেই।তবে এই পিছিয়ে থাকার পরিসংখ্যানই আবার জানান দিচ্ছে যে, বিমা খাতের বিকাশের ব্যাপক সম্ভাবনা আছে। সহজ ভাষায় বলা যায়, বিমা হলো ‘পরের ধনের পাহারাদারি’ব্যবস্থা। অর্থনীতি যখন এগিয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্যে নানামুখী ঝুঁকি যখন বাড়ছে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার চাহিদা যখন বাড়ছে, তখন বিমা খাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে। যদি বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়ের প্রবণতা বিশ্লেষণ করা যায়, তাহলেও কিন্তু এই সম্ভাবনার বিষয়টি প্রতিষ্ঠিত হয়।২০১১ সালে বিমা কোম্পানিগুলোর সমন্বিত প্রিমিয়াম আয় ছিল আট হাজার ৬৫৫ কোটি টাকা। আর ২০০৬ সালে এর পরিমাণ ছিল তিন হাজার ৩০৯ কোটি টাকা। মানে ছয় বছরে প্রিমিয়াম আয় বেড়েছে আড়াই গুণ। যদি জীবন বিমার প্রিমিয়াম ও সাধারণ বিমার প্রিমিয়াম আয় পৃথকভাবে বিশ্লেষণ করা যায়, তাহলেও মোটামুটি এই প্রবণতাই দেখা যায়। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় খাতে রয়েছে সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশন—এই দুটি সংস্থা। এর বাইরে বেসরকারি খাতে রয়েছে ৬০টি বিমা কোম্পানি। ৪৩টি সাধারণ বিমা বা অজীবন বিমা কোম্পানি। বাকি ১৭টি জীবন বিমা কোম্পানি।আইডিআরএর সদস্য নব গোপাল বণিক প্রথম আলোকে বলেন, বিমা খাত সমস্যাগ্রস্ত, কিন্তু সম্ভাবনাময়। তবে সমস্যা দিন দিন কেটে যাচ্ছে। আর সম্ভাবনার দুয়ারও খুলছে। আইডিআরএ নানা পদক্ষেপ নিয়ে এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে বিমা ব্যবসার বহুমুখিনতা নেই। দুঃখজনক যে, অগ্নি, নৌ ও মোটর ছাড়া এখানে অন্য কোনো ধরনের বিমা করা হয় না। অথচ আমি যে ভবনটির মধ্যে বসে কথা বলছি, সেটিরও বিমা থাকা উচিত ছিল।’ শেখ কবির হোসেন আরও বলেন, ‘অন্য প্রায় সব দেশেই স্বাস্থ্যবিমা, শস্যবিমাসহ নানা ধরনের বিমা রয়েছে। অথচ আমাদের দেশে নেই। বিমা কোম্পানির ব্যবসা শুধু নয়, মানুষের নিরাপদ জীবনের স্বার্থেই সরকারের দিক থেকে কিছু বিষয় বাধ্যতামূলক করা উচিত।’