শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ ২৩৩টি কোম্পানির পরিচালকদের বিষয়ে পরবর্তী কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি সূত্রে জানা যায়, পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে নিজ কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে পরিচালকদের। এ ক্ষেত্রে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। এই হিসাবে গত ২২ মে শেয়ার ধারণের সময় শেষ হয়। পরে এসইসির এক নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে যে সব উদ্যোক্তা-পরিচালক ওই পরিমাণ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাঁদের তথ্য দিতে তালিকাভুক্ত ২৩৮টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয় এসইসি। আর এ জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৩৩টি কোম্পানি পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত তথ্য এসইসিতে জমা দেয়।এ বিষয়ে এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রদান না করা তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির মধ্যে দুটি সরকারি কোম্পানি রয়েছে। তাদের উদ্যোক্তা-পরিচালক নেই। সেহেতু ওই দুটি কোম্পানিকে সতর্কীকরণ পত্র ইস্যু করার সিদ্ধান্ত নেয় এসইসি।আর বাকি তিনটি কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয় আজকের সভায়।এছাড়া ২৩৩টি কোম্পানির যে সব উদ্যোক্তা-পরিচালক এসইসির নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়েছেন, তাঁদের বিষয়ে প্রাপ্ত তথ্য অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।