শেয়ারবাজার এখন অনেক ভালো অবস্থানে: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার এখন ভালো অবস্থানে রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, মনোপলি করে শেয়ারের দাম দ্বিগুণ করার সুযোগ বন্ধ হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ক্যাশ ডিভিডেন্ডের চেক গ্রহণকালে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। খবর বাসসের।
অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে পুঁজিবাজারে সব সময় দাম বৃদ্ধি-হ্রাস রয়েছে। তবে দাম বেড়ে দ্বিগুণ হলে তখন অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি হয়। তিনি বলেন, ‘আমরা পুঁজিবাজার আইনের ব্যাপক সংস্কার করেছি। ফলে, আমি মনে করি, পুঁজিবাজারে দাম দ্বিগুণ করার সুযোগ নষ্ট হয়ে গেছে।’
আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এম ফায়েকুজ্জামান অর্থমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন।
সরকারের মালিকানাধীন ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৬২৫টি শেয়ারের ২০১৩-২০১৪ অর্থবছরের লভ্যাংশ বাবদ ৫১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। আইসিবি প্রতি শেয়ারের বিপরীতে ৪৫ টাকা হারে মোট শেয়ারের বিপরীতে ১৮৯ দশমিক ৮৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটি ২০১৪ অর্থবছরে ৩১০ কোটি ৫১ লাখ টাকা মুনাফা করেছে।
অর্থমন্ত্রী ক্যাশ ডিভিডেন্ড প্রদান অনুষ্ঠানকে একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দঘন অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, সরকার সাধারণত কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এ ধরনের লভ্যাংশ পাওয়ার সুযোগ কম পায়। পুঁজিবাজার উন্নয়নে আইসিবি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এখন ভালো পুঁজিবাজার রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রায় ৮০ ভাগ পরিচালনা করে বেসরকারি খাত। সরকারের দায়িত্ব এখন বেড়েছে এবং সরকার এখন অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।