শেয়ারবাজারে আবার চালু হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর শেয়ারবাজারে আবারও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি।
বেসরকারি খাতের ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন কোম্পানির দর প্রস্তাবের মাধ্যমে এই পদ্ধতিটি পুনরায় চালু হতে যাচ্ছে। ২০১১ সালের পর শেয়ারবাজারে পদ্ধতিটির আর কোনো ব্যবহার হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার থেকে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত ইউনাইটেড পাওয়ারের দর প্রস্তাব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কোম্পানিটির নির্দেশক মূল্য নির্ধারিত হয়েছে ৬০ টাকা।
নিয়ম অনুযায়ী, এই নির্দেশক মূল্য ধরে বুক বিল্ডিং পদ্ধতিতে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের ক্রয়াদেশ দেবে। তবে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্দেশক মূল্যের চেয়ে ২০ শতাংশের কম বা বেশি দর প্রস্তাব করতে পারবে না।
এদিকে একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অভিযোগ করেছে, হালনাগাদ আর্থিক প্রতিবেদনের তথ্য ছাড়াই দর প্রস্তাব করতে হবে। যে আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে কোম্পানিটির দর প্রস্তাব অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ১৫ মাসের পুরোনো। ২০১২ সালের ডিসেম্বরের তথ্যের ভিত্তিতে দর প্রস্তাব করতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। কোম্পানিটির হালনাগাদ অবস্থা না জেনে পুরোনো তথ্যের ভিত্তিতে প্রস্তাবিত দর সঠিক না-ও হতে পারে বলে মনে করছে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।