শেয়ারবাজারে আবারও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে আবারও দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৫০ পয়েন্ট বা এক শতাংশ কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকও ১৭৪ পয়েন্ট বা সোয়া এক শতাংশ কমেছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৬ শতাংশ এবং সিএসইতে ৮১ শতাংশেরই দাম কমেছে। পাশাপাশি লেনদেনও বেশ কমে গেছে উভয় বাজারে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন আবারও আড়াই শ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আর চট্টগ্রামের বাজারে লেনদেন নেমেছে ১৭ কোটি টাকার নিচে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা কমিয়ে আনার সময় বাড়ানোর বিষয়ে কিছুদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ না হওয়ায় বড় ধরনের দরপতন ঘটেছে। গত বৃহস্পতিবার আর্থিক খাতের নিয়ন্ত্রকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ব্যাংকের বিনিয়োগ সীমা কমিয়ে আনার সময় বাড়ানোর সিদ্ধান্ত আসবে সভা থেকে। কিন্তু ওই সভায় এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সমন্বয় সভাটিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত যে বিনিয়োগ রয়েছে আগামী বছরের জুলাইয়ের মধ্যে তা নির্ধারিত সীমার নিচে নামিয়ে আনতে হবে। সেটি করতে গেলে হাতে গোনা কিছু ব্যাংককে অতিরিক্ত শেয়ার বিক্রি করতে হবে। এ অবস্থায় শেয়ারবাজারের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীর প্রত্যাশা এ সময়সীমা আরও বাড়ানো হোক। গত বৃহস্পতিবারের সভাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে সেই প্রত্যাশা প্রবল হয়ে ওঠে। কিন্তু বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত না হওয়ায় বিনিয়োগকারীদের একটি বড় অংশের মধ্যে হতাশা তৈরি হয়। গতকালের বাজার এর বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রত্যাশা পূরণ না হওয়ায় বিনিয়োগকারীদের অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে বাজারের দরপতনের জন্য সেটি খুব বড় কোনো কারণ নয়। বাজারের সাধারণ প্রবণতা হচ্ছে যখন মন্দাভাব চলে তখন ক্রেতা কমে যায়। উল্টো অনেক বিনিয়োগকারী মনে করেন, যেহেতু ধারাবাহিকভাবে দরপতন ঘটছে সেহেতু হাতে থাকা শেয়ার বিক্রি করে চুপচাপ বসে থাকাই নিরাপদ। এ প্রবণতার কারণেই মূলত মন্দা বাজারে দরপতন আরও ত্বরান্বিত হয়।
মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, বুদ্ধিমান বিনিয়োগকারীরা মন্দা বাজারেই শেয়ার কেনেন। অথচ আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রে ঘটে ঠিক উল্টোটা।
এদিকে, ঢাকার বাজারে গতকাল দিন শেষে ডিএসইএক্স কমে নেমে এসেছে ৪৫১৪ পয়েন্টে। গত চার মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৮ জুন ডিএসইএক্স ৪৫০২ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। রোববার ডিএসইতে লেনদেন কমে নেমে এসেছে প্রায় ২৬৮ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ১৮৮ কোটি টাকা কম। এর আগে গত ২৮ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ২৬৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৬ শতাংশ বা ২৪২টিরই দাম কমেছে, বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম। চট্টগ্রামের বাজারে এদিন ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৭টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।